বিজ্ঞাপন
মাঠের আগ্রাসন ও স্লেজিং প্রসঙ্গে আফ্রিদি স্পষ্ট জানান, স্লেজিংয়ের কারণে একাধিকবার জরিমানা গুনতে হলেও তা নিয়ে তাঁর কোনো অনুশোচনা নেই। ক্রিকেটে আগ্রাসনকে সৌন্দর্যের অংশ মনে করে তিনি বলেন, এ ধরনের প্রতিদ্বন্দ্বিতা না থাকলে খেলা পানসে হয়ে যেত। তবে স্লেজিং কেবল মাঠের সীমানার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত বলে তিনি মনে করেন। নিজের পছন্দের ‘স্লেজিং ভিকটিম’ হিসেবে আফ্রিদি ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর ও অস্ট্রেলিয়ান লেগ স্পিনার শেন ওয়ার্নের নাম উল্লেখ করেন, কারণ উসকানি দিলে তাঁরা আরও জ্বলে উঠতেন। নবীন পাকিস্তানি ক্রিকেটারদের উদ্দেশ্যে তাঁর পরামর্শ—আম্পায়ার বা রেফারির চোখ এড়িয়ে কীভাবে প্রতিপক্ষের ওপর মানসিক চাপ তৈরি করতে হয়, তা আয়ত্ত করা উচিত।
ক্যারিয়ারের সবচেয়ে বিতর্কিত অধ্যায় ২০১০ সালে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের বল টেম্পারিং কাণ্ড নিয়েও রাখঢাক করেননি আফ্রিদি। অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ বাঁচাতে বলের বাড়তি সাহায্য পেতে প্রকাশ্যে বলে কামড় দিয়েছিলেন তিনি। সেদিনের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে আফ্রিদি লেখেন, জয় নিয়ে তিনি এতটাই আবেগপ্রবণ ও মরিয়া হয়ে পড়েছিলেন যে দাঁত দিয়ে বল প্রায় খেয়েই ফেলেছিলেন। তাঁর দাবি, বল টেম্পারিং সবাই কম-বেশি করে, তবে তিনি কোনো লুকোছাপা না করে ক্যামেরার সামনে সরাসরি করে ফেলেছিলেন। তবে দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ার শেষে তাঁর উপলব্ধি—আবেগ নিয়ন্ত্রণের মাধ্যমেই সেরাটা দেওয়া সম্ভব।
প্রতিপক্ষ ক্রিকেটারদের মধ্যে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক স্টিভ ওয়াহকে সবচেয়ে সমীহ করতেন বলে জানান আফ্রিদি। ওয়াহর দৃষ্টি ও নিখুঁত পরিকল্পনার কারণে তাঁকে সমীহ জাগানিয়া প্রতিপক্ষ মনে হতো তাঁর কাছে। অন্যদিকে অনুপ্রেরণার প্রসঙ্গে আফ্রিদি তাঁর আদর্শ হিসেবে তুলে ধরেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানকে। সাবেক সতীর্থদের মধ্যে ওয়াসিম আকরামকে নিজের ‘গুরু’ এবং সাঈদ আনোয়ারকে প্রিয়তম ব্যাটসম্যান হিসেবে আখ্যা দেন তিনি। এ ছাড়া উইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারার সহজাত প্রতিভার প্রশংসা করে নিজেকে তাঁর তুলনায় কিছুটা আনাড়ি ‘কসাই’ হিসেবে রসিকতার ছলে মন্তব্য করেন আফ্রিদি।
স্মৃতিচারণার পাশাপাশি পাকিস্তানের সর্বকালের সেরা টেস্ট ও ওয়ানডে মিলিয়ে নিজস্ব একাদশ সাজিয়েছেন আফ্রিদি। ওপেনার হিসেবে তিনি রেখেছেন সাঈদ আনোয়ার ও আমির সোহেলকে। মিডল অর্ডারে জায়গা পেয়েছেন ইনজামাম-উল-হক, মোহাম্মদ ইউসুফ এবং কৌশলী জাভেদ মিয়াঁদাদ। দলের একমাত্র অলরাউন্ডার ও অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন ইমরান খানকে। অলরাউন্ডার হিসেবে সাত নম্বরে রেখেছেন নিজেকে। উইকেটের পেছনে দায়িত্ব দিয়েছেন রশিদ লতিফকে। আর বোলিং আক্রমণের দায়িত্বে রয়েছেন তিন পেসার—ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস ও শোয়েব আখতার।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...