Logo Logo

উপকূলীয় এলাকার বাস্তবতা বিবেচনায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আহ্বান চীফ হুইপের


Splash Image

উপকূলীয় অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্য, নদীভাঙন, জলাবদ্ধতা ও স্থানীয় মানুষের প্রয়োজন বিবেচনায় নিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি।


বিজ্ঞাপন


তিনি বলেন, সরকারি অর্থের সঠিক ব্যবহার, ব্যয় সাশ্রয় এবং প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে উপকূলীয় এলাকার বাস্তব সমস্যা চিহ্নিত করে দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।

জাতীয় সংসদ ভবনের এলডি হলে বরিশাল বিভাগের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন চীফ হুইপ।

মতবিনিময় সভায় বামনা, বেতাগী ও পাথরঘাটাসহ উপকূলীয় এলাকার নদীভাঙন, জলাবদ্ধতা, যোগাযোগব্যবস্থার সমস্যা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বিবেচনায় নিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় চলমান প্রকল্পগুলোর অগ্রগতি, বাস্তবায়নের গুণগত মান, ব্যয় ব্যবস্থাপনা ও বিভিন্ন বাস্তবায়নগত চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়।

এদিকে বরগুনার বামনা উপজেলাকে বিশখালী নদীর ভাঙন থেকে রক্ষা এবং উপকূলীয় এলাকায় টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রায় ১৩ হাজার ১১১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্পের পুনর্গঠিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পানি সম্পদ মন্ত্রণালয়ে পাঠিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পাউবোর প্রধান প্রকৌশলী (পুর) পরিকল্পনা বিভাগের দপ্তর থেকে গত ১৬ নভেম্বর ২০২৬ তারিখে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে প্রকল্পটির নাম উল্লেখ করা হয়েছে ‘বরগুনা জেলার অধীনে বিশখালী নদীর ভাঙন হতে বামনা শহর এবং রামনা ও কালিকাবাড়ি লঞ্চঘাট প্রতিরক্ষা এবং পোল্ডার ৩৯/২এ ও ৩৯/১সি অভ্যন্তরে টেকসই পানি ব্যবস্থাপনা।’

প্রকল্পটির মূল লক্ষ্য হচ্ছে বিশখালী নদীর ভাঙন থেকে বামনা শহর রক্ষা, রামনা ও কালিকাবাড়ি লঞ্চঘাটের প্রতিরক্ষা এবং পোল্ডার ৩৯/২এ ও ৩৯/১সি এলাকার অভ্যন্তরে টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা। এর আওতায় নদীভাঙন ও পানি ব্যবস্থাপনাজনিত ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

পাউবোর দাপ্তরিক চিঠি অনুযায়ী, গত ৩০ আগস্ট ২০২৬ পানি সম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত যাচাই কমিটির সভার সিদ্ধান্তের আলোকে প্রকল্পটির ডিপিপি পুনর্গঠন করা হয়। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুনর্গঠিত ডিপিপি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

প্রকল্পটির মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৩ লাখ ১১ হাজার ১৩৩ লাখ টাকা, অর্থাৎ প্রায় ১৩ হাজার ১১১ কোটি ৩৩ লাখ টাকা। প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ডিসেম্বর ২০২৬ থেকে মার্চ ২০৩১ পর্যন্ত।

উপকূলীয় বরগুনার বামনা, বেতাগী ও পাথরঘাটা এলাকায় নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি দীর্ঘদিনের। বিশেষ করে নদীতীরবর্তী জনবসতি, গুরুত্বপূর্ণ স্থাপনা, লঞ্চঘাট ও যোগাযোগ অবকাঠামো রক্ষায় কার্যকর নদীতীর প্রতিরক্ষা ব্যবস্থা এবং টেকসই পানি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংশ্লিষ্টরা মনে করছেন, উপকূলীয় এলাকার বাস্তবতা বিবেচনায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে চীফ হুইপের আহ্বান এবং বামনায় নদীভাঙন প্রতিরোধ ও পানি ব্যবস্থাপনা প্রকল্পের পুনর্গঠিত ডিপিপি মন্ত্রণালয়ে পাঠানোর উদ্যোগ উপকূলীয় উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে প্রকল্পের সুফল পেতে দ্রুত অনুমোদন, যথাযথ অর্থায়ন, নির্ধারিত সময়ে বাস্তবায়ন এবং কাজের গুণগত মান নিশ্চিত করা জরুরি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...