Logo Logo

সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


Splash Image

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।। সন্ত্রাস-নাশকতা ও দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে এবং গণভোটের রায় মেনে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ বিক্ষোভ পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে সভাপতির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা শাখার আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

সভাপতির বক্তব্যে উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, দীর্ঘ ১৭ বছরের স্বৈরশাসনের অবসানের পর দেশের মানুষ আইনের শাসন, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশা করেছিল। কিন্তু জুলাই চেতনার ভিত্তিতে ক্ষমতায় এসে বর্তমান সরকার জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে এবং দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে। তিনি প্রশ্ন রাখেন, দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি বেড়েছে, নাকি কমেছে?

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী এত দ্রুত সরকারের বিরুদ্ধে রাজপথে নামতে চায়নি; তবে জনগণের অধিকার রক্ষায় অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা জরুরি হয়ে পড়েছে। গণভোটে ৭২ শতাংশ মানুষের প্রদত্ত ‘হ্যাঁ’ ভোট কার্যকর করা, অবিলম্বে সংসদ অধিবেশন ডাকা এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। অন্যথায় চলমান নৈরাজ্য নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বলে সতর্ক করেন জেলা আমীর।

আগামী কর্মসূচি ঘোষণা করে শহিদুল ইসলাম মুকুল জানান, আমীরে জামায়াতের নির্দেশনায় ডিসেম্বর মাসজুড়ে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে। এর অংশ হিসেবে আগামী ৫ ডিসেম্বর সাতক্ষীরা গভর্নমেন্ট হাইস্কুল মাঠে সকালে মহিলা সমাবেশ এবং দুপুর ২টায় জনসমাবেশ অনুষ্ঠিত হবে। ওই সমাবেশে আমীরে জামায়াত উপস্থিত থেকে দিকনির্দেশনা দেবেন বলে তিনি জানান।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা নায়েবে আমির শেখ নূরুল হুদা, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক ও অধ্যাপক গাজী সৈয়দ আলী, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আজিজুল ইসলাম, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, পৌর আমির জাহিদুল ইসলাম, সদর আমির মাওলানা মোশাররফ হোসেন, পৌর সেক্রেটারি খোরশেদ আলম এবং সদর সেক্রেটারি হাবিবুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট ও তুফান মোড় হয়ে পুনরায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। মিছিলে জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...