Logo Logo

নড়াইলে কুরআন শরীফ অবমাননার অভিযোগে যুবক গ্রেফতার


Splash Image

নড়াইলের কালিয়া উপজেলায় পবিত্র কুরআন শরীফ অবমাননার অভিযোগে হামীম মোল্লা (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নড়াগাতি থানা পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে বড়দিয়া বাজার এলাকা থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।


বিজ্ঞাপন


গ্রেপ্তারকৃত হামীম মোল্লা কালিয়া উপজেলার খাসিয়াল ইউনিয়নের চোরখালি গ্রামের রুহুল মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে চোরখালি গ্রামে অভিযুক্ত হামীম মোল্লা পবিত্র কুরআন শরীফ অবমাননা করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি কয়েকজন স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষ করলে এলাকায় জানাজানি হয়। জনরোষ থেকে বাঁচতে হামীম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আজ (বুধবার) সকালে স্থানীয়রা হামীমকে খুঁজে পেয়ে মারধরের চেষ্টা করলে তিনি জীবন বাঁচাতে বড়দিয়া বাজারের ব্যবসায়ী জিয়ার দোকানে আশ্রয় নেন। ঘটনাটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ সাধারণ মানুষ সেখানে জড়ো হয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাজারের ব্যবসায়ীরা নড়াগাতি থানায় খবর দেন। খবর পেয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ রহিমের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযুক্ত যুবককে নিজেদের হেফাজতে নেন।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "কুরআন অবমাননার খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"

এ ঘটনায় কালিয়া এলাকায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

প্রতিবেদক- মোঃ নূরুন্নবী সামদানী, নড়াইল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...