Logo Logo

হাজারো বিদেশি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করলো সৌদি


Splash Image

পবিত্র ওমরাহ পালনে আসা হজযাত্রীদের উন্নত সেবা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। কার্যক্রম পরিচালনা ও সেবার মানে ঘাটতি থাকার অভিযোগে দেশটিতে নিবন্ধিত প্রায় ৫ হাজার ৮০০টি বিদেশি ট্রাভেল এজেন্সির মধ্যে ১ হাজার ৮০০টির চুক্তি স্থগিত করেছে সৌদি হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।


বিজ্ঞাপন


গতকাল রবিবার (১ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

সৌদি হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ হজযাত্রীদের সেবা প্রদানের মান নিয়ে পর্যায়ক্রমিকভাবে এজেন্সিগুলোর ওপর একটি মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হয়। এই মূল্যায়নে দেখা গেছে, ১৮০০টি বিদেশি এজেন্সি অনুমোদিত মানদণ্ড অনুযায়ী সেবা প্রদানে ব্যর্থ হয়েছে এবং তাদের কর্মদক্ষতায় বড় ধরনের ঘাটতি রয়েছে। মূলত ওমরাহ যাত্রীদের নিরাপত্তা ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে তাদের ত্রুটি ও ঘাটতিগুলো সংশোধনের জন্য ১০ দিনের সময় বেঁধে দিয়েছে। এই সময়সীমার মধ্যে নির্ধারিত শর্তাবলি ও সেবার মানদণ্ড পূরণ করতে সক্ষম হলে এজেন্সিগুলোর চুক্তি আবারও কার্যকর করা হবে।

মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, এটি একটি নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ, যার উদ্দেশ্য হলো সব প্রতিষ্ঠানকে সৌদি আরবের নির্ধারিত সেবার মান নিশ্চিত করতে বাধ্য করা।

চুক্তি স্থগিত হলেও বর্তমানে ওমরাহ পালনরত বা ওমরাহ পালনের অপেক্ষায় থাকা যাত্রীদের আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে আশ্বস্ত করেছে সৌদি সরকার। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে- যেসব হজযাত্রীর কাছে ইতোমধ্যেই বৈধ ওমরাহ ভিসা রয়েছে, তাদের ভ্রমণে কোনো সমস্যা হবে না। তাছাড়া যাদের আগে থেকেই হোটেল বা যাতায়াত বুকিং করা রয়েছে, তাদের ওপর এই সিদ্ধান্তের কোনো প্রভাব পড়বে না।

হজ ও ওমরাহ কার্যক্রমকে আরও সুশৃঙ্খল এবং ওমরাহ যাত্রীদের অভিজ্ঞতাকে সুখকর করতে সৌদি আরব নিয়মিত তাদের তদারকি কার্যক্রম জোরদার করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...