Logo Logo

রাজাপুরে জামায়াত প্রার্থীর প্রচারে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন


Splash Image

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ফয়জুল হকের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রচারণায় বাধা ও নারী কর্মীদের হেনস্তা করার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।


বিজ্ঞাপন


সোমবার (০২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় রাজাপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে উপজেলা মহিলা জামায়াতের কর্মপরিষদ সদস্য খাদিজা বেগম জানান, সকালে রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের পিংড়ি এলাকায় একদল নারী কর্মী ‘দাঁড়িপাল্লা’র পক্ষে প্রচারণায় যান। এ সময় বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামালের পক্ষে মাজেদা বেগম নামক এক নারী প্রথমে তাদের বাধা দেন। পরবর্তীতে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল হক সোহেল ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হাসানের নেতৃত্বে একদল নেতাকর্মী এসে তাদের প্রচার কাজে চরম প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

জামায়াত নেত্রীদের দাবি, বিএনপির নেতাকর্মীরা "সোহেল ভাইয়ের এলাকায় এসব প্রচার চলবে না" বলে স্লোগান দেন। খবর পেয়ে শুক্তাগড় ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল আলিম ঘটনাস্থলে গেলে তাকেও অবরুদ্ধ করে রাখা হয়। সংঘাত এড়াতে জামায়াত কর্মীরা সেখান থেকে ফিরে আসেন। এর আগেও তিন-চার দিন ধরে ওই এলাকায় তাদের বাধার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেন তারা।

ঘটনার প্রতিবাদ জানিয়ে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. ফয়জুল হক বলেন, "বিএনপির সন্ত্রাসীরা আমাদের বোনদের রাস্তায় অবরুদ্ধ করে হেনস্তা করেছে। জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী দল, যেখানে ৪৩ শতাংশ নারী সদস্য রয়েছে। যারা নারীদের স্কার্ফ টেনে ধরছে ও আক্রমণ করছে, তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।"

অন্যদিকে, বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম জামাল সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, "এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি, এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। প্রতিপক্ষকে হেয় করতেই এসব অভিযোগ করা হচ্ছে।"

তিনি আরও মন্তব্য করেন যে, জামায়াত প্রার্থীর বয়স কম হওয়ায় তিনি রাজনীতি বুঝেন না এবং তার কর্মকাণ্ডে ‘জঙ্গি ভাব’ রয়েছে।

সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. কবির হোসেন, উপজেলা মহিলা জামায়াতের সেক্রেটারি মোসা. সাহিদা বেগমসহ স্থানীয় নারী নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...