বিজ্ঞাপন
ফারসি শব্দ 'শব' অর্থ রাত এবং 'বরাত' অর্থ মুক্তি বা নিষ্কৃতি। একে আরবিতে 'লাইলাতুন নিসফি মিন শাবান' বা শাবান মাসের মধ্যবর্তী রাত বলা হয়। উপমহাদেশের অনেক আলেমের মতে, এই রাত আল্লাহর নৈকট্য লাভের এক দুর্লভ সময়। এই বিশ্বাস থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা নফল নামাজ, কুরআন তেলাওয়াত, জিকির-আসকার এবং দীর্ঘ মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন। শবে বরাতকে আসন্ন রমজানের আগমনী বার্তা বা 'রমজানের মুয়াজ্জিন' হিসেবেও অভিহিত করা হয়।
শবে বরাত পালন নিয়ে আলেম-ওলামাদের মধ্যে দীর্ঘদিন ধরে তাত্ত্বিক মতভেদ বিদ্যমান। ইবনে মাজাহ ও বাইহাকীর একটি দুর্বল (জয়িফ) হাদিসে এই রাতে ইবাদত এবং দিনে রোজা রাখার কথা উল্লেখ থাকলেও, এর বিপরীতে সহিহ বুখারি ও মুসলিম শরিফের বর্ণনা অনুযায়ী, মহান আল্লাহ প্রতি রাতের শেষ এক-তৃতীয়াংশেই দুনিয়ার আকাশে অবতরণ করে বান্দাকে ক্ষমা ও রিজিক প্রার্থনার আহ্বান জানান।
ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত 'ইসলামী বিশ্বকোষ' অনুযায়ী, শবে বরাতের বিশেষ আনুষ্ঠানিকতা মূলত ইরান ও ভারতীয় উপমহাদেশ কেন্দ্রিক। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য ও বিশ্বের অনেক মুসলিম দেশে এর বিশেষ কোনো অস্তিত্ব বা পালনের প্রচলন নেই। আধুনিক যুগের অনেক হকপন্থি আলেম এই রাতের বিশেষ ইবাদত, আলোকসজ্জা ও হালুয়া-রুটির প্রথাকে 'বিদআত' হিসেবেও অভিহিত করেন।
ইতিহাসের আলোকে দেখা যায়, রাসুলুল্লাহ (সা.)-এর নবুওয়াতকাল বা সাহাবিদের যুগে এই দিবস পালনের কোনো প্রমাণ পাওয়া যায় না। ঐতিহাসিক গ্রন্থ 'আল-বিদায়া ওয়ান নিহায়া' ও 'আল-মানারুল মুনিফ' অনুযায়ী, হিজরি ৪৪৮ সনে বায়তুল মুকাদ্দাসে ইবনে আবিল হামরা নামক এক ব্যক্তির নামাজের মাধ্যমে এই প্রথার সূচনা হয়। পরবর্তীকালে এটি বিভিন্ন মুসলিম জনপদে বিস্তার লাভ করে।
দিবসটি উপলক্ষে রাজধানীসহ সারা দেশের মসজিদগুলোতে বিশেষ ওয়াজ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনও আলোচনা সভার আয়োজন করেছে। বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা এবং সংবাদপত্রগুলো প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র। পবিত্র শবে বরাত উপলক্ষে আগামীকাল বুধবার সরকারি ছুটি থাকবে। সংবাদপত্রের অফিসগুলো আজ বন্ধ থাকায় আগামীকাল কোনো পত্রিকা প্রকাশিত হবে না।
উপাখ্যান ও তাত্ত্বিক বিতর্ক ছাপিয়ে সাধারণ মুসলমানরা আজ রাতে মহান আল্লাহর দরবারে দুহাত তুলে দেশ ও জাতির মঙ্গল কামনায় রত হবেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...