Logo Logo

বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


বিজ্ঞাপন


রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

বাকেরগঞ্জ-৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা আমীর অধ্যাপক ফিরোজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভা থেকে তিনি আসন্ন নির্বাচনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেন, নির্বাচন অত্যন্ত সন্নিকটে এবং দেশ ও বিশ্ববাসী এখন সঠিক ফলাফলের অপেক্ষায় তাকিয়ে আছে। সাংবাদিকেরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। তাই নির্বাচনকালীন পরিবেশ ও যেকোনো ঘটনার সঠিক ও নির্ভরযোগ্য তথ্য জাতির সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।

তিনি আরও বলেন, সাধারণ মানুষ যা দেখতে পায় না, সাংবাদিকেরা তাদের অনুসন্ধানী দৃষ্টির মাধ্যমে তা খুঁজে বের করেন। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য গণমাধ্যমের সক্রিয় অংশগ্রহণ একান্ত কাম্য।

তিনি আশা প্রকাশ করেন, সাংবাদিকরা তাদের পেশাদারিত্বের মাধ্যমে সঠিক তথ্য উপাত্ত মানুষের কাছে পৌঁছে দেবেন।

নির্বাচনী লক্ষ্য সম্পর্কে জামায়াত প্রার্থী বলেন, তারা একটি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে এবারের নির্বাচনে অংশগ্রহণ করছেন। বাকেরগঞ্জের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং অবহেলিত এই জনপদের সুষম উন্নয়ন নিশ্চিত করাই তার মূল লক্ষ্য।

তিনি প্রতিশ্রুতি দেন, জনগণের সমর্থন পেলে বাকেরগঞ্জকে একটি দুর্নীতিমুক্ত ও শোষণহীন মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।

মতবিনিময় সভায় মাওলানা মাহমুদুন্নবী তালুকদার নির্বাচনের প্রতিটি ধাপে স্বচ্ছতা বজায় রাখার গুরুত্বারোপ করেন এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করেন। সভায় উপজেলার বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...