ফাইল ছবি।
বিজ্ঞাপন
তারেক রহমানের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, আপনার নেতৃত্বে বিএনপির এই বিশাল বিজয় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন যে, রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনে তারেক রহমানের প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী চেতনা দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নিয়ে যাবে।
বার্তায় প্রফেসর ইউনূস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাষ্ট্রদর্শন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি আশা প্রকাশ করেন, তাঁদের এই মহান কর্ম ও আদর্শ আগামী দিনে তারেক রহমানের পথচলাকে আরও আলোকিত করবে।
প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশ আজ বৈশ্বিক পরিমণ্ডলে এক নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে। অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা ও মানবসম্পদ উন্নয়নের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় মেধা ও প্রজ্ঞার সমন্বয় ঘটিয়ে তারেক রহমান জাতীয় ঐক্য সুদৃঢ় করবেন। তাঁর নেতৃত্বে আইনের শাসন ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা আরও শক্তিশালী হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনকালে বিএনপির গঠনমূলক ভূমিকা ও মূল্যবান সহযোগিতার জন্য তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানান প্রফেসর ইউনূস। তিনি বলেন, পরিবর্তনের এই সংবেদনশীল সময়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে এবং সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থেকে তারেক রহমান যে ইতিবাচক অবস্থান দেখিয়েছেন, তা জাতীয় স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরিশেষে, জনগণের কল্যাণ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে তারেক রহমানের সকল উদ্যোগের সফলতা কামনা করে প্রধান উপদেষ্টা বলেন, মহান আল্লাহ দেশ ও জাতির সেবায় আপনাকে প্রজ্ঞা, ধৈর্য ও দৃঢ়তা দান করুন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...