বিজ্ঞাপন
শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক বিশেষ বার্তায় তিনি এই অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
প্রধান উপদেষ্টা তার বার্তায় বলেন, আপনার নেতৃত্বে এনসিপি যে সাহস ও আত্মবিশ্বাসের সঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করেছে, তা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে মাত্র এক বছর আগে জন্ম নেওয়া একটি দলের পক্ষে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৬টিতে জয়লাভ এবং অন্যান্য আসনে তীব্র লড়াই করা এক অসাধারণ অর্জন। এটি কেবল পরিসংখ্যান নয়, বরং তরুণ প্রজন্মের আত্মপ্রত্যয় ও গণতান্ত্রিক চেতনার প্রতিফলন।
চব্বিশের গণঅভ্যুত্থানে নাহিদ ইসলামের বীরত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করে অধ্যাপক ইউনূস বলেন, সেই উত্তাল দিনগুলোতে আপনার অদম্য মনোবল ও নেতৃত্ব আন্দোলনকে সুশৃঙ্খল ও লক্ষ্যমুখী করেছিল। আপনার ও আপনার সহযোদ্ধাদের আত্মত্যাগ জাতির হৃদয়ে গভীর কৃতজ্ঞতার সৃষ্টি করেছে। ব্যক্তিগতভাবে এবং জাতির পক্ষ থেকে আমি আপনাদের সবার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।
নাহিদ ইসলামের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, আপনাকে উপদেষ্টা পরিষদে সহকর্মী হিসেবে পাওয়া আমার জন্য এক মূল্যবান অভিজ্ঞতা ছিল। আপনার কর্মদক্ষতা, বিষয়ভিত্তিক গভীরতা, নীতিগত দৃঢ়তা এবং প্রশাসনিক প্রক্রিয়া বোঝার আগ্রহ আমাকে মুগ্ধ করেছে।
তিনি আরও উল্লেখ করেন, এনসিপির এই অল্প সময়ের সাফল্য প্রমাণ করে যে, বাংলাদেশের মানুষ বিশেষ করে তরুণ সমাজ নীতিনিষ্ঠ ও আদর্শভিত্তিক রাজনীতির প্রতি আস্থা রাখতে প্রস্তুত। সংসদে অর্জিত এই প্রতিনিধিত্বের মাধ্যমে জনগণের বিশেষ করে তরুণদের স্বপ্ন ও প্রত্যাশা তুলে ধরার এক ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে।
অধ্যাপক ইউনূস আশাবাদ ব্যক্ত করেন যে, নাহিদ ইসলামের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি গঠনমূলক ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চার মাধ্যমে দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দেবে। সংগ্রামের পথ থেকে রাজনীতির মূলধারায় প্রবেশের এই রূপান্তর যেন দলের মূল আদর্শ ও মূল্যবোধকে অক্ষুণ্ণ রাখে, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। সবশেষে তিনি নাহিদ ইসলামের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...