Logo Logo

মিছিল স্লোগানে উত্তাল রংপুর, ভোট পুনর্গণনার দাবিতে ডিসি অফিস ঘেরাও


Splash Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের তিনটি আসনে ভোট পুনর্গণনার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন পরাজিত বিএনপি প্রার্থীদের কয়েক হাজার কর্মী-সমর্থক।


বিজ্ঞাপন


রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালিত হয়। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা জেলা প্রশাসক ও বিজয়ীকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন রংপুর-৩ আসনের প্রার্থী সামসুজ্জামান সামু, রংপুর-৪ আসনের এমদাদুল হক ভরসা এবং রংপুর-৬ আসনের প্রার্থী সাইফুল ইসলাম। আন্দোলনকারী প্রার্থীরা নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ তুলে ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান করেছেন। দাবি আদায় না হলে পুরো রংপুর অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

রংপুর-৪ আসনের বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা অভিযোগ করেন, এনসিপি প্রার্থী আখতার হোসেন প্রশাসনের সহায়তায় ফলাফল জালিয়াতি করেছেন। তিনি বলেন, “সন্দেহজনকভাবে প্রায় ৮ হাজার ৫০০ ভোট বাতিল করা হয়েছে। পুনর্গণনা করলে প্রকৃত ফলাফল বেরিয়ে আসবে।” এক পর্যায়ে তিনি আবেগপ্রবণ হয়ে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানকে উদ্দেশ্য করে বলেন, “আমার ভোট ছিনতাই করে আমাকে ও আমার পরিবারকে কাঁদিয়েছেন। এর বিচার আল্লাহ করবেন।”

রংপুর-৬ আসনের প্রার্থী সাইফুল ইসলাম অভিযোগ করেন, উপজেলা প্রশাসন, পুলিশ এবং জামায়াতে ইসলামীর একটি চক্র মিলে জনগণের রায় ছিনতাই করেছে। অন্যদিকে রংপুর-৩ আসনের সামসুজ্জামান সামু জানান, নিয়মতান্ত্রিকভাবে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। পরে প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ ও স্মারকলিপি প্রদান করেন।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান কোনো মন্তব্য না করলেও অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তিনটি আসনের অভিযোগপত্র পরবর্তী নির্দেশনার জন্য নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে রংপুর-৩ ও রংপুর-৬ আসনে জামায়াতে ইসলামী এবং রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী বিজয়ী হয়েছেন।

অন্যদিকে, রংপুর-৪ আসনের বিজয়ী প্রার্থী ও এনসিপি নেতা আখতার হোসেন ফেসবুকে এক পোস্টে অভিযোগ করেছেন যে, পরাজিত প্রার্থীর সমর্থকরা তার নেতাকর্মীদের ওপর হামলা ও ভাঙচুর চালাচ্ছে। তিনি প্রশাসনকে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার এবং সাধারণ মানুষকে জিম্মি করে মিছিল করানো বন্ধ করার আহ্বান জানিয়েছেন। গত দুদিন ধরে রংপুরের বিভিন্ন এলাকায় এই দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...