Logo Logo

পাকিস্তানে পৃথক বোমা হামলা ও গোলাগুলিতে নিহত ১৭


Splash Image

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় পৃথক দুটি বোমা হামলা এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪ জনই নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বাকি ৩ জন বেসামরিক নাগরিক।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি তল্লাশি চৌকি ও একটি পুলিশ স্টেশন লক্ষ্য করে এই হামলাগুলো চালানো হয়। এসব ঘটনায় আরও অন্তত এক ডজন মানুষ আহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

পাকিস্তানের সামরিক বাহিনীর দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বাজাউর জেলায় নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশি চৌকির কাছে বিস্ফোরক ভর্তি একটি যানবাহন সজোরে দেয়ালে ধাক্কা দেয়। মুহূর্তেই সেখানে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যাতে ১১ জন নিরাপত্তা কর্মী এবং এক কন্যাশিশু প্রাণ হারায়। বিস্ফোরণের তীব্রতায় পাশের একটি আবাসিক ভবন ধসে পড়লে ওই শিশুটি নিহত হয় এবং আরও সাতজন আহত হন।

সেনাবাহিনী এই আক্রমণকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যায়িত করেছে। একই সঙ্গে পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে, এই হামলার পেছনে ‘ভারতীয় মদতপুষ্ট’ গোষ্ঠীগুলোর সংশ্লিষ্টতা রয়েছে।

এদিকে পৃথক আরেকটি ঘটনায় বান্নু শহরের মিরইয়ান পুলিশ স্টেশনের সামনে একটি রিকশায় রাখা বোমার বিস্ফোরণ ঘটে। এতে দুই বেসামরিক নাগরিক নিহত হন এবং আরও অন্তত ১৭ জন আহত হয়েছেন বলে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি শিয়া মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলায় ৩১ জন নিহত হওয়ার রেশ কাটতে না কাটতেই এই নতুন হামলার ঘটনা ঘটল। ওই হামলার দায় স্বীকার করেছিল জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

দীর্ঘদিন ধরেই দেশটির দক্ষিণ ও উত্তরাঞ্চলে বিদ্রোহী ও বিচ্ছিন্নতাবাদীদের দমনে লড়াই চালিয়ে যাচ্ছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...