Logo Logo

শ্বশুরকে পিতা দেখিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরির অভিযোগ


Splash Image

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি গ্রহণের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে এক নারী কর্মচারীর বিরুদ্ধে। শ্বশুরকে নিজের পিতা হিসেবে দেখিয়ে চাকরি নেওয়ার অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত মৌসুমী আক্তার বর্তমানে পরিবার কল্যাণ সহকারী পদে কর্মরত রয়েছেন।


বিজ্ঞাপন


অভিযোগকারীদের দাবি, তার প্রকৃত জন্মদাতা পিতার নাম মোজা সরকার হলেও চাকরির কাগজপত্রে পিতার নাম পরিবর্তন করে আবুল কালাম উল্লেখ করা হয়েছে, যিনি তার শ্বশুর বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এভাবে তিনি মুক্তিযোদ্ধা কোটার সুবিধা গ্রহণ করেছেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য পারিবারিক নথিতে মৌসুমী আক্তারের পিতা হিসেবে মোজা সরকার এবং মাতা হিসেবে মরিয়ম বেগমের নাম উল্লেখ রয়েছে। তার প্রকৃত ঠিকানা—গ্রাম: চরপাকেরদহ, থানা: মাদারগঞ্জ, জেলা: জামালপুর। তবে চাকরি সংক্রান্ত নথিতে পিতার নাম আবুল কালাম এবং ঠিকানা গ্রাম: কোয়ালীকান্দী, পোস্ট অফিস: তেঘুরিয়া, থানা: মাদারগঞ্জ, জেলা: জামালপুর উল্লেখ করা হয়েছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন।

স্থানীয় সচেতন মহলের ভাষ্য, মুক্তিযোদ্ধা কোটা কোনো অনুগ্রহ নয়; এটি বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের আত্মত্যাগের স্বীকৃতি। ভুয়া তথ্যের মাধ্যমে এ সুবিধা গ্রহণ করা হলে তা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। একই সঙ্গে এ ধরনের ঘটনায় প্রকৃত যোগ্য প্রার্থীরা বঞ্চিত হন বলেও তাদের দাবি।

অভিযোগের বিষয়ে মৌসুমী আক্তারের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, “আপনাদের কোনো কথা থাকলে অফিসে যোগাযোগ করুন। আমার সব ঠিক আছে।”

এ বিষয়ে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক বলেন- অভিযোগটি আমরা তদন্ত করে দেখছি। দোষ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...