বিজ্ঞাপন
উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ভেকু ও ট্রলি গাড়ির মাধ্যমে কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠছিল। বিশেষ করে তালমা ইউনিয়নের সোতাষী গ্রামে প্রকাশ্যে ফসলি জমি থেকে মাটি কাটার ঘটনা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। স্থানীয় সূত্র জানায়, কৃষিজমির উর্বরতা নষ্ট করে মাটি বিক্রির এ কার্যক্রম চলছিল বেশ কিছুদিন ধরে।
খবর পেয়ে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া। অভিযানে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়া গেলে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় দায়ী ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া বলেন, “উপজেলার কোথাও অবৈধভাবে মাটি কাটার খবর পাওয়া গেলে সঙ্গে সঙ্গে অভিযান পরিচালনা করা হবে। ফসলি জমি রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”
স্থানীয় বাসিন্দারা জানান, ফসলি জমি থেকে অবৈধ মাটি কাটার ফলে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। তাদের দাবি, নিয়মিত প্রশাসনিক নজরদারি অব্যাহত থাকলে কৃষিজমি রক্ষা পাবে এবং পরিবেশের ক্ষতি কমবে।
উল্লেখ্য, বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি উত্তোলন দণ্ডনীয় অপরাধ। কৃষিজমি রক্ষা ও টেকসই পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...