Logo Logo

প্রথমবারের মতো নিজ কার্যালয়ের কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়


Splash Image

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজের কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে আমাদের এই সরকারের দিকে তাকিয়ে আছে। আপনারা কর্মকর্তা-কর্মচারীরাও এই সরকারের অবিচ্ছেদ্য অংশ। সরকার তখনই সফল হবে এবং ভালো ফলাফল দেবে, যখন আপনারা আন্তরিকভাবে সহযোগিতা করবেন।"

প্রধানমন্ত্রী দেশের প্রতি মমত্ববোধের কথা উল্লেখ করে বলেন, "আমরা এই দেশকে আমাদের প্রথম ও শেষ ঠিকানা বলে মনে করি। তাই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আমাদেরকেই কাজ করতে হবে। একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনী মেনিফেস্টো বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। এখন আমাদের লক্ষ্য সেই মেনিফেস্টোর প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা।"

তারেক রহমান বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, নারী শিক্ষা, কর্মসংস্থান ও ক্রীড়া খাতের উন্নয়নে মেনিফেস্টোতে উল্লিখিত এজেন্ডাগুলো বাস্তবায়নে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয় সহযোগিতা কামনা করেন। তিনি জনগণের জানমালের নিরাপত্তার ওপর জোর দিয়ে বলেন, দেশের মানুষ যেন প্রতিটি মুহূর্তে নিজেদের নিরাপদ বোধ করে তা নিশ্চিত করতে হবে।

দুর্নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দেন। তিনি আশা প্রকাশ করেন যে, দেশ থেকে দুর্নীতি দূর করতে কর্মকর্তা-কর্মচারীরা প্রশাসনকে পূর্ণ সহযোগিতা করবেন। এ সময় তিনি রাষ্ট্রীয় স্বার্থে কাজের গোপনীয়তা রক্ষা এবং জাতিকে একটি সুশৃঙ্খল অবস্থানে নিয়ে আসতে প্রজাতন্ত্রের কর্মচারীদের সরকারি নিয়ম-নীতি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, মো. ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান ও মাহ্‌দী আমিন। সভায় স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং কার্যালয়ের গঠন ও কার্যাবলি নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...