Logo Logo

রাজবাড়ীকে আলোকিত করার ঘোষণা সংস্কৃতি প্রতিমন্ত্রীর


Splash Image

রাজবাড়ীকে একটি উন্নত ও আলোকিত জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।


বিজ্ঞাপন


রোববার (১ মার্চ) সকালে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী বলেন, রাজবাড়ীতে পদ্মা সেতু বা পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়িত হলে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। এর ফলে জেলায় ছোট ছোট শিল্প কারখানা গড়ে উঠবে এবং নানামুখী ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। রাজবাড়ীর সার্বিক অর্থনৈতিক উন্নয়নে এই প্রকল্পগুলো মাইলফলক হিসেবে কাজ করবে বলে তিনি উল্লেখ করেন।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে প্রতিমন্ত্রী মাদক নির্মূলে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশনা দেন। তিনি জেলা পুলিশ সুপারকে রাজবাড়ী থেকে মাদক নির্মূল করতে প্রয়োজনীয় ও কার্যকর পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান। জেলার সামগ্রিক উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার এবং প্রয়োজনীয় পরিকল্পনা দ্রুত গ্রহণের নির্দেশ দেন তিনি।

রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ এবং সিভিল সার্জন ডা. এস এম মাসুদ।

সভায় জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এবং সাংবাদিকসহ সংশ্লিষ্ট সুধীজন উপস্থিত ছিলেন। সভায় রাজবাড়ীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...