Logo Logo

ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি


Splash Image

ঝালকাঠির নলছিটি উপজেলায় গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কের পাশের দোকানগুলোতে এই দুর্ঘটনা ঘটে।

আগুনে মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হওয়ায় ব্যবসায়ীদের আনুমানিক ১৫ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে প্রথমে ‘রাজিব স্টোর’ নামক একটি দোকানে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বেড়ে গেলে তা পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে একটি মুদি দোকান ও পাঁচটি টি-স্টলের সমস্ত মালামাল পুড়ে ধ্বংস হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রাজিব হোসেন কান্নায় ভেঙে পড়ে জানান, আসন্ন রমজান উপলক্ষে তিনি দোকানে অনেক টাকার নতুন মালামাল তুলেছিলেন। আগুনের লেলিহান শিখা থেকে তিনি কিছুই রক্ষা করতে পারেননি। আকস্মিক এই সর্বনাশে নিঃস্ব হয়ে পড়া ব্যবসায়ীরা এখন সরকারি সহায়তার জন্য আকুল আবেদন জানিয়েছেন।

নলছিটি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মফিজুর রহমান জানান, রাত ১টার পর খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই ঘটনায় পুরো এলাকায় চরম উৎকণ্ঠা ও শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...