Logo Logo

ফরিদপুরে যুবককে গলা ও পায়ের রগ কেটে হত্যাচেষ্টা, অভিযুক্ত আটক


Splash Image

ফরিদপুর সদর উপজেলায় মো. ইকবাল শেখ (৪৭) নামে এক ব্যক্তিকে গলা ও দুই পায়ের রগ কেটে নৃশংসভাবে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে।


বিজ্ঞাপন


বুধবার (৪ মার্চ) দিবাগত রাতে উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের আফজাল মন্ডলের হাট এলাকায় এই বর্বরোচিত হামলা চালানো হয়।

গুরুতর আহত ইকবাল শেখ ওই ইউনিয়নের ওয়েজউদ্দীন ফকিরের ডাঙ্গী গ্রামের মৃত রশিদ শেখের ছেলে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা জিয়া মন্ডল (৫০) নামে এক অভিযুক্তকে ধরে গণপিটুনি দিয়েছে। অভিযুক্ত জিয়া পার্শ্ববর্তী আলিমউদ্দিনের ডাঙ্গী গ্রামের ওয়াহিদ মন্ডলের ছেলে। তাকে পুলিশি পাহারায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে। স্থানীয়দের কাছে মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত জিয়া মন্ডলের সঙ্গে ইকবালের আগে থেকেই দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধের জেরে গত কয়েকদিন ধরে ইকবালকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি বাগানের ভেতর থেকে গোঙানির শব্দ শুনে তারা এগিয়ে যান এবং ইকবালকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এ সময় জিয়াসহ দুজন মোটরসাইকেলে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া দেয়। একপর্যায়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে জিয়াকে জনতা ধরে ফেললেও অপরজন পালিয়ে যায়।

আহত ইকবালের ভাই মো. রফিক শেখ জানিয়েছেন, তার ভাইয়ের শরীরে প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে নিহতের পরিবার ও এলাকাবাসী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...