বিজ্ঞাপন
পুলিশ জানায়, সংবাদ পেয়ে জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুনের নেতৃত্বে এবং জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সহযোগিতায় ঘটনাস্থলে অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে রাত দেড়টার দিকে অভিযুক্ত তাইফুরকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে নিহত তাহমিনা আক্তার তানিয়া (৩৬)-এর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রায় ১৭ বছর আগে মুকুন্দবাড়ী এলাকার আবু তাহেরের মেয়ে তাহমিনা আক্তার তানিয়ার সঙ্গে দড়িপাড়া এলাকার বাসিন্দা সুপ্রিম কোর্টের আইনজীবী হোসাইন মো. তাইফুরের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে তাসফিক ও এক মেয়ে রয়েছে। স্থানীয়দের দাবি, স্বামীর দীর্ঘদিনের মাদকাসক্তির কারণে দাম্পত্য জীবনে প্রায়ই কলহ লেগে থাকত।
নিহতের মামা মনোয়ার ইসলাম কর্নেল জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বাবার বাড়ি থেকে স্বামীর বাসায় যান তানিয়া। পরে রাত দেড়টার দিকে তানিয়ার ভাই তুহিন ফোন করে তাকে জানান, তার বোনকে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
স্থানীয় বাসিন্দা শাকিল লস্কর বলেন, রাত দেড়টার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান বাসা থেকে ধোঁয়া বের হচ্ছে। পরে বাইরের কাচের জানালা ভেঙে ভেতরে তাকালে দেখা যায়, খাটের ওপর তানিয়ার দগ্ধ দেহ পড়ে আছে। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্তকে গ্রেফতার করে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে ঘরের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয় এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত হোসাইন মো. তাইফুরকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...