Logo Logo

গোপালগঞ্জে জোরপূর্বক জমি দখল ও সন্ত্রাসী হামলার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার


Splash Image

গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নিলখী গ্রামে ২৪ শতাংশ জমি জোরপূর্বক দখল ও এক পরিবারের ওপর ধারাবাহিক সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী হারেজ মোল্লা ও তার সহযোগীদের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন ভুক্তভোগী শাহেদ আলী ফকির।


বিজ্ঞাপন


ভুক্তভোগী শাহেদ আলী জানান, দুর্গাপুর মৌজার এসএ ১৭০৪ দাগের মোট ৭২ শতাংশ জমির মধ্যে ২৪ শতাংশ জমি তার পিতা মৃত হেমায়েত উদ্দিন ফকির ১৯৭০ সালে রেকর্ডীয় মালিক সুরেন্দ্র নাথ গং-এর কাছ থেকে ক্রয় করেন। তৎকালীন রাজনৈতিক ও যুদ্ধকালীন পরিস্থিতির কারণে জমিটি রেজিস্ট্রি করা সম্ভব হয়নি। পরবর্তীতে বিআরএস রেকর্ডে জমিটি সরকারি খাস খতিয়ানভুক্ত (হাল দাগ ৩৩৯৭) হয়।

অভিযোগ উঠেছে, হারেজ মোল্লা ও তার ভাই ইদ্রিস মোল্লা জালিয়াতির আশ্রয় নিয়ে সাড়ে পাঁচ শতাংশ করে মোট ১১ শতাংশ জমির ভুয়া দলিল তৈরি করেছেন। এই ভুয়া দলিলের সূত্র ধরে তারা দীর্ঘদিন ধরে শাহেদ আলীর পৈত্রিক দখলীয় জমি দখলের চেষ্টা চালাচ্ছেন।

শাহেদ আলীর দাবি, গত রবিবার দুপুর দুইটার দিকে হারেজ মোল্লার নেতৃত্বে একদল সন্ত্রাসী তার বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা তার ঘরবাড়ি ভাঙচুর করে এবং তাকে পিটিয়ে ও রামদা দিয়ে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তিনি গোপালগঞ্জ সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ভুক্তভোগীর অভিযোগ, এই দখল প্রক্রিয়ায় নেপথ্যে থেকে উসকানি দিচ্ছেন দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজীব মোল্লা, যিনি অভিযুক্ত হারেজ মোল্লার নিকটাত্মীয়। এছাড়াও হারেজ মোল্লার মেয়ে স্বপ্না আক্তার বিথি মাদ্রাসার শিক্ষার্থীদের এই হামলায় লেলিয়ে দেন বলে অভিযোগ করা হয়েছে।

শাহেদ আলী জানান, তাকে সামাজিকভাবে হেয় করতে তার বড় ভাই শওকত ফকিরকে প্রলুব্ধ করে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানো হচ্ছে। অভিযুক্তদের মধ্যে হারেজ মোল্লার জামাতা মোরশেদ এলাকার চিহ্নিত চাঁদাবাজ এবং তার দুই ছেলে মাদক ব্যবসার সাথে জড়িত বলে এলাকায় জনশ্রুতি রয়েছে।

ইতিমধ্যেই এই ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে ১০টি মামলা দায়ের করা হয়েছে। বারবার হামলার শিকার হয়ে শাহেদ আলী এখন চরম প্রাণসংশয়ে ভুগছেন। তিনি নিজের পৈত্রিক ভিটা রক্ষা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ ও সুষ্ঠু বিচার প্রার্থনা করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...