Logo Logo

ওড়াকান্দিতে দেশের সর্ববৃহৎ স্নানোৎসব ও বারুনী মেলা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওড়াকান্দিতে দেশের সর্ববৃহৎ স্নানোৎসব ও মহাবারুনীর মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ঠাকুর পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।


বিজ্ঞাপন


আজ শনিবার (১৪ মার্চ) ওড়াকান্দি ঠাকুরবাড়িতে এই সভা অনুষ্ঠিত হয়।

মতুয়া সম্প্রদায়ের অন্যতম তীর্থভূমি শ্রীধাম ওড়াকান্দিতে আগামী ১৬ মার্চ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫তম আবির্ভাব তিথি উপলক্ষে স্নানোৎসব ও তিন দিনব্যাপী মহাবারুনী মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে এই বিশাল আয়োজন সম্পন্ন করতে এমপি সেলিমুজ্জামান সেলিম ওড়াকান্দি ঠাকুর পরিবারের সদস্য ও মতুয়া আচার্য পদ্মনাভ ঠাকুর, সম্পদ ঠাকুর ও সুব্রত ঠাকুরের সাথে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি স্নানোৎসব ও মেলায় আইনশৃঙ্খলা রক্ষা ও প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময় শেষে সংসদ সদস্য স্থানীয় প্রশাসন ও ঠাকুর পরিবারের সদস্যদের নিয়ে ওড়াকান্দির ঠাকুরবাড়ি, স্নানোৎসবের পুকুর, মন্দির ও মেলাঙ্গন পরিদর্শন করেন। এ সময় গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিন মিয়া, কাশিয়ানী থানার ওসি মো. মাহফুজুর রহমানসহ পুলিশ ও প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাহিত্য ও প্রকাশনা সহ-সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান লিমন এবং উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১৬ মার্চ সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া এই স্নানোৎসব চলবে ১৭ মার্চ সকাল সাড়ে ৮টা পর্যন্ত। প্রতি বছর এই উৎসবে দেশ-বিদেশের অন্তত ১৫ লাখ ভক্ত ও পুণ্যার্থীর সমাগম ঘটে। স্নানোৎসবের পাশাপাশি মহাবারুনীর এই মেলা আগামী ১৮ মার্চ পর্যন্ত চলবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...