Logo Logo

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী


Splash Image

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো।


বিজ্ঞাপন


সোমবার (১৬ মার্চ) বিকেলে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় ১২ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে অর্থনৈতিক উন্নয়নের রোডম্যাপ তুলে ধরে বলেন, “আজকে যিনি মাসে ৫ হাজার টাকা আয় করেন, আমরা চাই আগামী দুই-চার বছরের মধ্যে তা ১০ হাজারে পৌঁছাক। আয় দ্বিগুণ করাই আমাদের লক্ষ্য। এটাই শহীদ জিয়ার রাজনীতি, এটাই খালেদা জিয়ার রাজনীতি এবং এটাই আপনাদের নির্বাচিত বিএনপি সরকারের দর্শন।”

সাহাপাড়া খালের গুরুত্ব উল্লেখ করে তিনি জানান, ১২ কিলোমিটার দীর্ঘ এই খালের কাজ শেষ হলে প্রায় ৩১ হাজার কৃষক সেচ সুবিধা পাবেন। এর ফলে প্রায় ১২০০ হেক্টর জমি চাষাবাদের আওতায় আসবে এবং উৎপাদন প্রায় ৬০ হাজার মেট্রিক টন বৃদ্ধি পাবে। এই প্রকল্পের মাধ্যমে ওই অঞ্চলের সাড়ে তিন লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন।

তারেক রহমান তাঁর নির্বাচনী প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “আমরা কথা দিয়েছিলাম ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে। নির্বাচনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই আমরা সেই প্রতিশ্রুতি রক্ষা করেছি।” তিনি আরও জানান, আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে, যা ভূ-উপরিস্থ পানির আধার হিসেবে কাজ করবে এবং জলাবদ্ধতা নিরসনে ভূমিকা রাখবে।

সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, দেশের চার কোটি পরিবারের মায়েদের কাছে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। পাইলট প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৩৭ হাজার কার্ড বিতরণ করা হয়েছে। এছাড়া ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সরকারি সুবিধা নিশ্চিত করতে আগামী মাস থেকে ‘কৃষক কার্ড’ চালুর পাইলট প্রকল্প শুরু হবে বলেও তিনি ঘোষণা দেন।

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এ সময় দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম, দিনাজপুর-২ এর সাদিক রিয়াজ চৌধুরী, দিনাজপুর-৩ এর সৈয়দ জাহাঙ্গীর আলম এবং জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...