Logo Logo

মুকসুদপুরে নিখোঁজের ৩ মাস পর যুবকের লাশ উদ্ধার


Splash Image

গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজ হওয়ার দীর্ঘ তিন মাস পর তৌহিদুল মোল্লা (৩০) নামে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পূর্ব ভাকুড়ি হিন্দু পাড়া গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত তৌহিদুল মোল্লা একই ইউনিয়নের লতিফপুর গ্রামের আক্তার মোল্লার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত বছরের ১৬ ডিসেম্বর সন্ধ্যায় পাথারে মাছ ধরার কথা বলে বাড়ি থেকে বের হন তৌহিদুল। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান না পেয়ে মুকসুদপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

ওই মামলায় সাকিব শেখ নামে একজনকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সোমবার দুপুরে ভাকুড়ি গ্রামের সুমন মণ্ডলের পুকুরের কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে স্থানীয়রা একটি লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পরবর্তীতে নিহতের স্বজনরা তাঁর পরিচয় শনাক্ত করেন।

ওসি আরও জানান, উদ্ধারকৃত লাশটি অনেকদিন ধরে পানিতে থাকায় পচে গেছে, যার ফলে শরীরে আঘাতের কোনো চিহ্ন স্পষ্ট বোঝা যাচ্ছে না। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিহত তৌহিদুল মোল্লার নির্দিষ্ট কোনো পেশা ছিল না বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...