Logo Logo

শেখ রবিউল আলম

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে


Splash Image

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে। পাবলিক পরিবহনের পর্যাপ্ত চাপ সামলাতে আগের রেশনিং পদ্ধতি প্রত্যাহার করে তেলের সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।


বিজ্ঞাপন


তিনি উল্লেখ করেন, জ্বালানি সংকট একটি আন্তর্জাতিক সমস্যা এবং অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্র আমাদের চেয়েও বিপজ্জনক অবস্থায় রয়েছে। সরকার পর্যায়ক্রমে তেল সরবরাহ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টার দিকে পটুয়াখালীর গলাচিপায় রাবনাবাদ নদীর ওপর ৭০ কিলোমিটার দীর্ঘ লেবুখালী-বাউফল-গলাচিপা-আমড়াগাছিয়া সড়কের গুরুত্বপূর্ণ ‘রাবনাবাদ সেতু’র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মাত্র ২৫ দিনের এই সরকার জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করছে। প্রত্যেকের ওপর অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে জনকল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

রাবনাবাদ সেতু নির্মাণের গুরুত্ব তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, এই সেতুটি এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে আমূল পরিবর্তন ঘটাবে। এর ফলে এলাকার অর্থনীতিতে গতি আসবে এবং সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা তাদের উৎপাদিত পণ্য সহজে জেলা ও রাজধানীসহ সারাদেশে পরিবহন করতে পারবে। দীর্ঘদিনের এই দাবি পূরণের মাধ্যমে একটি নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে, যা এই জনবান্ধব সরকারের অন্যতম দায়িত্ব।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য নুরুল হক নুরের প্রশংসা করে মন্ত্রী বলেন, এই আসনের প্রতিনিধি জনগণের অধিকার প্রতিষ্ঠায় অত্যন্ত সচেতন। একটি নির্বাচিত সরকারের জনগণের কাছে যে দায়বদ্ধতা ও জবাবদিহিতা রয়েছে, সরকার সেই চেতনা থেকেই এই উন্নয়নমূলক কাজ পরিচালনা করছে। জনগণের আকাঙ্ক্ষা পূরণই এই প্রশাসনের প্রধান অগ্রাধিকার।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর এবং রেলপথ ও সড়ক পরিবহন বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এছাড়া পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...