Logo Logo

পিরোজপুরে ইউএনও'র হস্তক্ষেপে সরকারি জমি দখলের চেষ্টা পণ্ড


Splash Image

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে পণ্ড হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (১৬ মার্চ) উপজেলার বালিপাড়া বাজারে এই ঘটনা ঘটে।

আজ বুধবার (১৮ মার্চ) সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও হাসান মো. হাফিজুর রহমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে স্থানীয় বিএনপি নেতা আবুল কালাম শিকদারের নেতৃত্বে জামায়াত কর্মী মো. জাহিদুল ইসলাম, মো. শোয়াইব শিকদার, বিএনপি কর্মী মামুন শিকদার, নাজিম উদ্দীন এবং আবু ছালেহ খানসহ বেশ কয়েকজন বালিপাড়া বাজারের ১ নম্বর খতিয়ানের সরকারি খাস জমিতে থাকা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (পাবলিক হেলথ) একটি পুরাতন অফিস ভাঙচুর করেন এবং জমিটি দখলের চেষ্টা চালান।

জানা যায়, সবুর খান নামে এক ব্যক্তি ওই খাস জমি নিজের দাবি করে আদালতে মামলা করেছিলেন, তবে তিনি মামলায় হেরে যান।

সবুর খান জানান, জমিটি দখল করার উদ্দেশ্যে শোয়াইব ও নাজিমসহ ৫-৭ জন মিলে সেখানে থাকা সরকারি পাকা ভবনটি ভেঙে ফেলেছে।

অভিযোগের বিষয়ে আবুল কালাম শিকদার বলেন, "আমি নিজে দখল করিনি, যারা ডিসিআর (DCR) পেয়েছেন তারা দখলে নিয়েছেন। ওখানে মোসলেম খার ছেলে, শোয়াইব, নিজাম ও জাহিদের নামে মোট ৫টি ডিসিআর বরাদ্দ আছে। আমি শুধু সেখানে দাঁড়িয়ে ছিলাম।"

এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) হাসান মো. হাফিজুর রহমান বলেন, "উক্ত স্থানটি হাটের সরকারি খাস জমি। এক পক্ষ জেলা অফিস থেকে ঘর করার জন্য ডিসিআর বরাদ্দ পেয়েছে ঠিকই, কিন্তু সেখানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একটি অফিস ছিল। সেই সরকারি স্থাপনাটি তারা ভেঙে ফেলেছে, যা সম্পূর্ণ বেআইনি। সরকারি সম্পত্তি সরকার সরিয়ে নেওয়ার পর বরাদ্দপ্রাপ্তরা সেখানে কাজ করতে পারবেন।"

তিনি আরও জানান, দখলকারীরা ভূমি অফিসের জনৈক জাহিদ সাহেবের অনুমতির কথা বললেও জাহিদ এ ধরনের অনুমতি দেওয়ার কেউ নন। পুরো বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...