Logo Logo

বিলাইছড়িতে নানা আনুষ্ঠানিকতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত


Splash Image

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় সারাদেশের ন্যায় নানা আনুষ্ঠানিকতা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিলাইছড়ি উপজেলা পরিষদ ও প্রশাসন, পুলিশ বিভাগ, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর এবং বিলাইছড়ি প্রেসক্লাবের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৮টায় বিলাইছড়ি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, গ্রাম পুলিশ এবং উপজেলার বিভিন্ন প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে এক আকর্ষণীয় কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসনাত জাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসরুরুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুরজিৎ দত্ত, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম ফকির এবং সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও হাসনাত জাহান খান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদ, নির্যাতিত মা-বোন এবং জুলাই আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। তিনি বলেন, “স্বাধীনতা মানে স্বেচ্ছাচার নয়, বরং দায়িত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের সক্ষমতা। আজকের এই দিনে আমাদের প্রতিজ্ঞা হোক— মুক্তিযুদ্ধের আদর্শ অক্ষুণ্ণ রেখে একটি বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ ও সমৃদ্ধ বিলাইছড়ি উপজেলা গড়ে তোলা।” এ সময় তিনি সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কথা তুলে ধরেন।

অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এক আলোচনা সভায় মুক্তিযোদ্ধারা তাঁদের স্মৃতিচারণ করেন এবং প্রশাসনের পক্ষ থেকে তাঁদের সম্মাননা প্রদান করা হয়। পরিশেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...