Logo Logo

বাকেরগঞ্জে জমিজমা সংক্রান্ত বিবাদে ৫ জন আহত


Splash Image

বরিশালের বাকেরগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (২৮ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ মুনির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন হামলা ও ভাঙচুর চালিয়ে একটি দোকানঘর নির্মাণকাজে বাধা দেয়। এ সময় তারা লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে পাঁচজনকে আহত করে।

আহতদের মধ্যে সাইদুল ইসলাম সজিব (২৫) গুরুতর আহত হন। তার মাথায় আঘাতজনিত কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এছাড়া আহত আবুল হোসেন খান (৬৫), তার স্ত্রী পিয়ারা বেগম (৫৫), হাসান আলী খান (৫৮) ও আয়শা বেগম (৫০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত সজিবের পিতা আবুল হোসেন খান অভিযোগ করে জানান, শনিবার সকালে তারা তাদের বসতবাড়ির সংলগ্ন রেকর্ডীয় জমিতে একটি দোকানঘর নির্মাণের কাজ শুরু করেন। এ সময় একই গ্রামের মৃত রুস্তম আলী খানের ছেলে মিলন খান ৮-১০ জন ভাড়াটে লোকজন নিয়ে অতর্কিত হামলা চালায় এবং ভাঙচুর করে। হামলায় তার ছেলে সজিব গুরুতর আহতসহ পরিবারের আরও সদস্য আহত হন।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার কে এম সোহেল রানা বলেন, মৌখিক অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...