Logo Logo

ফরিদপুরে হানা দিয়েছে হাম: দেশ জুড়ে ২১শিশুর মৃত্যু


Splash Image

দেশে হামের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। ঢাকা, রাজশাহী, ময়মনসিংহসহ অন্তত সাতটি জেলায় এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। সরকারি ও বেসরকারি হিসাব অনুযায়ী, শুধু চলতি মাসেই হামে আক্রান্ত হয়ে দেশে ২১ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। ফরিদপুর জেলাও এই ঝুঁকি থেকে মুক্ত নয়; এখানেও গত কয়েক দিনে হামের লক্ষণ নিয়ে ১৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।


বিজ্ঞাপন


ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান নিশ্চিত করেছেন যে, সোমবার (৩০ মার্চ) পর্যন্ত জেলার দুটি হাসপাতালে ১৪ জন শিশু হামের লক্ষণ নিয়ে চিকিৎসাধীন রয়েছে। আক্রান্ত শিশুদের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সিভিল সার্জন জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ অনুযায়ী প্রায় ১৬ শতাংশ শিশু টিকা থেকে বাদ পড়ছে, যারা বর্তমানে চরম ঝুঁকিতে রয়েছে। গত ৬-৭ বছর ধরে কোনো বিশেষ টিকাদান ক্যাম্পেইন না হওয়াকেও এই সংক্রমণের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, ময়মনসিংহে ৩ জন এবং ঢাকায় ৩ জনসহ দেশের বিভিন্ন স্থানে ২১ শিশুর প্রাণহানি ঘটেছে। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে গিয়ে দেখা গেছে রোগীদের উপচে পড়া ভিড়। ১০০ শয্যার এই হাসপাতালে মাত্র ৮টি শয্যা হামের জন্য বরাদ্দ থাকলেও বর্তমানে ১১৭ জন রোগী ভর্তি রয়েছে। শয্যা না পেয়ে অনেক মা তাদের অসুস্থ শিশুকে নিয়ে হাসপাতালের বারান্দায় ও মেঝেতে আশ্রয় নিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় গুদামে বর্তমানে হাম-রুবেলার টিকার মজুত শূন্য। দীর্ঘ চার বছর ধরে জাতীয় পর্যায়ে কোনো বড় টিকাদান ক্যাম্পেইন না হওয়ায় রোগটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক; একজন আক্রান্ত হলে তার থেকে ১৫-১৮ জন সংক্রমিত হতে পারে। ৯ মাসের কম বয়সী শিশুদের মধ্যেও এবার হামের লক্ষণ দেখা যাচ্ছে, যা চিকিৎসকদের নতুন করে ভাবিয়ে তুলছে।

চিকিৎসকদের মতে, হামের প্রাথমিক লক্ষণ হলো তীব্র জ্বর এবং মুখমণ্ডল থেকে সারা শরীরে র‍্যাশ বা লালচে দানা ওঠা। এর পাশাপাশি নিউমোনিয়া ও ডায়রিয়া দেখা দিতে পারে। এমন লক্ষণ দেখা দিলে শিশুকে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত গণটিকাদান (মাস ক্যাম্পেইন) শুরুর দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...