Logo Logo

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


Splash Image

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলী হোসেন (৪৯) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।


বিজ্ঞাপন


বুধবার (৮ এপ্রিল) ভোররাতে উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি ৮নং ওয়ার্ডের পানিয়ার টারি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন স্থানীয় ধবলগুড়ি এলাকার বাসিন্দা।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) আওতাধীন ধবলগুড়ি বিওপি সংলগ্ন সীমান্ত পিলার ৮৭৪/৫ এস এলাকায় ভারতীয় অভ্যন্তরে রাত ২টা ৫০ মিনিট এবং ভোর ৪টা ৫০ মিনিটের দিকে দুই দফায় গুলির শব্দ শোনা যায়।

বিএসএফের দাবি অনুযায়ী, ৭-৮ জন বাংলাদেশি নাগরিক ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া কাটার চেষ্টা করলে তারা প্রথমে সতর্কতামূলক গুলি চালায়। এক পর্যায়ে চোরাকারবারীদের সঙ্গে ধস্তাধস্তি চলাকালে বিএসএফের গুলিতে আলী হোসেন গুরুতর আহত হন। বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই সকাল ৬টা ৩৫ মিনিটে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে মোবাইল ফোনে যোগাযোগ সম্পন্ন হয়। সীমান্তে উত্তেজনা নিরসনে এবং ঘটনার সঠিক কারণ উদঘাটনে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে স্পট মিটিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে বিস্তারিত তথ্য সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। বিজিবি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সীমান্তে নজরদারি জোরদার করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...