Logo Logo

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম

পর্যায়ক্রমে দেশে বন্ধ থাকা সব টেক্সটাইল ও জুট মিল চালু হবে


Splash Image

সারা বাংলাদেশে বন্ধ থাকা টেক্সটাইল ও জুট মিলগুলো পর্যায়ক্রমে চালু করার ঘোষণা দিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।


বিজ্ঞাপন


রোববার (১২ এপ্রিল) সকালে নীলফামারীর বন্ধ থাকা দারোয়ানী টেক্সটাইল মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘সারা দেশের বন্ধ মিলগুলো সচল করতে আমরা বিশেষ উদ্যোগ নিয়েছি। দেশি-বিদেশি বিনিয়োগকারী আনার প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা সক্রিয়ভাবে কাজ করছি।’

দারোয়ানী টেক্সটাইল মিল প্রসঙ্গে তিনি একটি সুখবর দিয়ে বলেন, ‘এই মিলটি চালুর লক্ষ্যে ইতিমধ্যে আন্তর্জাতিক দরপত্র (টেন্ডার) আহ্বান করা হয়েছে এবং তা মূল্যায়নের কাজ চলছে। আমরা একজন যোগ্য বিনিয়োগকারী পেয়েছি। আশা করছি আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে মিলটিতে আবার কর্মচাঞ্চল্য ফিরে আসবে, যা স্থানীয় মানুষের কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি করবে।’

বিনিয়োগ ও শিল্পায়ন বৃদ্ধিকে সরকারের মূল লক্ষ্য উল্লেখ করে শরীফুল আলম বলেন, ‘গত ১৭ বছর দেশের অর্থনৈতিক কার্যক্রম স্থবির ছিল। অনেক অসামঞ্জস্যতা আমরা লক্ষ্য করেছি, তবে আমরা অতীতে পড়ে থাকতে চাই না। আমাদের লক্ষ্য হলো বিনিয়োগ বাড়ানো এবং প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য অর্থনৈতিক প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা।’

পাটের সোনালী ঐতিহ্য পুনরুদ্ধারে নেওয়া বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, পাটের ফলন বাড়াতে গবেষণা এবং চাষিদের প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে। পাট জাগ দেওয়ার পানির সমস্যা সমাধানে খাল খনন কর্মসূচি পুনরায় চালু করা হয়েছে।

দারোয়ানী টেক্সটাইল মিল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নে ‘ক্লাসিক্যাল হ্যান্ডমেড প্রোডাক্ট বিডি’ কারখানা পরিদর্শন করেন।

এ সময় নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার এ.বি.এম ফয়জুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...