Logo Logo

স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে নাগরিক সংবর্ধনা


Splash Image

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সাতবারের নির্বাচিত সংসদ সদস্য, লালমোহনের কৃতী সন্তান ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে লালমোহন নাগরিক ফোরামের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল আউয়াল এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, তিনি সংবর্ধনা নিতে নয়, বরং লালমোহন-তজুমদ্দিনের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই এসেছেন। নির্বাচনের প্রায় দুই মাস পর তিনি এলাকায় এসেছেন শুধুমাত্র জনগণের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য।

তিনি বলেন, স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার ব্যস্ততা অনেক বেড়ে গেছে, ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও এলাকায় নিয়মিত আসা সম্ভব হয় না। জাতীয় সংসদে আইন প্রণয়নের কাজ রাজনৈতিক দলগুলো করে থাকে, আর তিনি স্পিকার হিসেবে সেই কার্যক্রম পরিচালনায় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি ভোলা-বরিশাল সেতু নির্মাণকে এ অঞ্চলের মানুষের ন্যায্য ও প্রাণের দাবি হিসেবে উল্লেখ করেন এবং এই প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার আশ্বাস দেন। পাশাপাশি ভোলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

উপস্থিত জনসাধারণের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, মেডিকেল কলেজটি লালমোহনে স্থাপনের জন্য তিনি প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাবেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিফাত বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সৎজিত কুমার ঘোষ, উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, প্রেসক্লাব সভাপতি সোহেল মো. আজিজ শাহীন পাটোয়ারী, পৌর বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির, স্বেচ্ছাসেবক দল সভাপতি প্রভাষক রেজাউর রহমান শাহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হাওলাদারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাধারণ মানুষ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...