Logo Logo

রাজাপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


Splash Image

সংগৃহীত ছবি

ঝালকাঠির রাজাপুর উপজেলায় আফছানা আক্তার মিম (১৮) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) উপজেলার মঠবাড়ী ইউনিয়নের বাগড়ি সিকদার বাড়ি এলাকার বাবুল হাওলাদারের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


নিহত আফছানা আক্তার মিম কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সৌদি প্রবাসী মো. আলমগীর হোসেনের মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে তার মা মরিয়ম বেগমকে নিয়ে রাজাপুর উপজেলার বাগড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানা পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মা ও মেয়ে আলাদা কক্ষে থাকতেন। শনিবার সকালে মিমের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান তার মা। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পাশের জানালা দিয়ে উঁকি দিলে তিনি দেখতে পান, মিম ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে বিষয়টি নিশ্চিত করেন।

খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। এ সময় তার কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রায় আট মাস আগে মিমের প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে সৌদি প্রবাসী শাওন নামের এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি সেই সম্পর্ক ভেঙে যাওয়ার অভিমানে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শন করেন রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক এবং এসআই (নিরস্ত্র) এসএম আতাউর রহমানসহ সঙ্গীয় ফোর্স।

এ বিষয়ে পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক বলেন, “প্রেমঘটিত অভিমানে আত্মহত্যা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...