Logo Logo

অধ্যাপক ডা. রফিকুস সালেহীন খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য


Splash Image

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (খুমেবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট চিকিৎসক ও সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রফিকুস সালেহীন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে ‘খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন-২০২১’-এর ১২(১) ধারা অনুযায়ী তাকে আগামী চার বছরের জন্য এই গুরুত্বপূর্ণ পদে স্থলাভিষিক্ত করা হয়েছে।


বিজ্ঞাপন


গত ১২ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের আদেশ জারি করা হয়। নিয়োগপ্রাপ্তির পর আজ তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে যোগদান করেছেন।

অধ্যাপক ডা. রফিকুস সালেহীন পেশাগত জীবনে অত্যন্ত অভিজ্ঞ ও দক্ষ একজন চিকিৎসক। উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। সরকারি চাকরিকালীন তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধানের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব সফলভাবে পালন করেছেন।

ব্যক্তিগত জীবনে ডা. রফিকুস সালেহীন ১৯৬৩ সালের ১০ জানুয়ারি বাগেরহাট সদর উপজেলার কুলিয়াদাইড় গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার শৈশব ও শিক্ষাজীবনের একটি উল্লেখযোগ্য সময় কেটেছে বাগেরহাটে। তিনি ১৯৭৭ সালে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক (এসএসসি) এবং ১৯৭৯ সালে আচার্য প্রফুল্ল চন্দ্র মহাবিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) সম্পন্ন করেন।

দায়িত্ব গ্রহণের প্রথম দিনে নতুন উপাচার্য আজ বিকেলে বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এছাড়া সন্ধ্যায় বাগেরহাট সার্কিট হাউসে তার স্কুল ও কলেজ জীবনের সহপাঠী এবং শৈশবের বন্ধুদের সঙ্গে এক সৌজন্য মতবিনিময় সভায় মিলিত হওয়ার কথা রয়েছে।

প্রতিবেদক- মো: রাকিব হাসান, বাগেরহাট।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...