Logo Logo

রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম, পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও


Splash Image

ঝালকাঠির রাজাপুর উপজেলায় এলজিইডি’র আওতাধীন খাল পুনঃখনন প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া জনক্ষোভের প্রেক্ষিতে বুধবার (২২ এপ্রিল) বিকেলে প্রকল্প এলাকা সরেজমিন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি। পরিদর্শনে কাজের সিডিউল অনুযায়ী প্রস্থ ও গভীরতায় উল্লেখযোগ্য অসঙ্গতি খুঁজে পান তিনি।


বিজ্ঞাপন


জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অধীনে উপজেলার আঙ্গারিয়া এলাকায় ১ হাজার ৪০০ মিটার দীর্ঘ একটি খাল পুনঃখনন প্রকল্পে ২৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। সিডিউল অনুযায়ী খালটির প্রস্থ ৩০ ফুট হওয়ার কথা থাকলেও ইউএনও’র উপস্থিতিতে ফিতা দিয়ে মাপ নিয়ে কোথাও ২৬ ফুট আবার কোথাও ২৮ ফুট পাওয়া যায়। পরিদর্শনকালে রাজাপুর উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় কৃষক ও সুবিধাভোগীদের অভিযোগ, নিয়ম মেনে পূর্ণাঙ্গ খনন না করে কেবল খালের মাঝখান থেকে সামান্য পলি অপসারণ করে দায়সারাভাবে কাজ শেষ করা হয়েছে। এতে করে খালটি অনেকটা নালার মতো আকৃতি ধারণ করেছে। তাদের দাবি, যথাযথভাবে খনন না হওয়ায় হাজারো কৃষক সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, যা সরকারি অর্থের অপচয় ছাড়া আর কিছুই নয়।

ক্ষতিগ্রস্ত কৃষকরা আরও জানান, খনন কাজের নামে খালের দুই পাড়ের অসংখ্য ফলজ ও বনজ গাছ কেটে ফেলা হয়েছে। কিন্তু বর্তমানে খালের পাড় তির্যকভাবে কাটায় তা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে একদিকে যেমন কৃষকরা গাছ হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অন্যদিকে মাছ চাষ বা সেচ সুবিধার কোনো সুফলই তারা পাচ্ছেন না।

পরিদর্শন শেষে ইউএনও রিফাত আরা মৌরি সাংবাদিকদের বলেন, “অভিযোগের সত্যতা যাচাইয়ে আমরা প্রকল্প এলাকা পরিদর্শন করেছি। নির্ধারিত ৩০ ফুট প্রস্থের পরিবর্তে অনেক স্থানেই মাপ কম পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং কাজটি সঠিকভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উল্লেখ্য, রাজাপুর উপজেলায় মোট ১৩টি খাল খনন ও ৩টি বাঁধ নির্মাণে প্রায় ৩ কোটি ৬৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে আলোচিত দুটি খালের ৪.৮৯ কিলোমিটার খননেই ব্যয় ধরা হয়েছে প্রায় ৫২ লাখ ৪৫ হাজার টাকা। এমন বড় বরাদ্দের প্রকল্পে অনিয়মের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...