বিজ্ঞাপন
বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, বুধবার (২২ এপ্রিল) রাত ১০টা ১০ মিনিটের দিকে সচল থাকা ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি বিকল হয়ে পড়ে। আগে থেকেই কেন্দ্রের ২ নম্বর ও ৩ নম্বর ইউনিট দুটি বন্ধ ছিল। সর্বশেষ চালু থাকা ইউনিটটি বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি থেকে কোনো বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বয়লারের ভেতরে কয়লার সঙ্গে পাথর ঢুকে যাওয়ায় পাইপ ফেটে এই দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে তিনি গণমাধ্যমকে বলেন, “মেরামত কাজ বর্তমানে চলমান রয়েছে। ১ নম্বর ইউনিটটি পুনরায় চালু করে উৎপাদনে ফিরতে আরও অন্তত ৪ থেকে ৫ দিন সময় লাগতে পারে।”
উল্লেখ্য, কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে দীর্ঘমেয়াদী সংস্কারের অভাবে বন্ধ রয়েছে। অন্যদিকে, ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ৩ নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে গত বছরের ১ নভেম্বর থেকে অচল হয়ে পড়ে আছে। গুরুত্বপূর্ণ এই বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটই একসাথে বন্ধ হয়ে পড়ায় উত্তরাঞ্চলের জেলাগুলোতে লোডশেডিংয়ের মাত্রা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করতে প্রকৌশলীরা দ্রুত মেরামতের চেষ্টা চালাচ্ছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...