Logo Logo

লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

পাইকগাছায় পল্লী বিদ্যুৎ অফিস উড়িয়ে দেওয়ার হুমকি, যুবক আটক


Splash Image

পাইকগাছা পল্লী বিদ্যুৎ অফিস।

খুলনার পাইকগাছায় অসহনীয় লোডশেডিংয়ে ক্ষুব্ধ হয়ে পল্লী বিদ্যুৎ অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি প্রদানকারী এক যুবককে আটক করেছে পুলিশ। দেবজ্যোতি চক্রবর্তী নামের ওই যুবককে আটকের ৯ ঘণ্টার ব্যবধানে এবং শেষ পর্যন্ত মুচলেকা প্রদানের মাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, প্রচণ্ড দাবদাহের মধ্যে পাইকগাছায় বিদ্যুতের লোডশেডিং চরম আকার ধারণ করেছে। জনজীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি চলমান এসএসসি পরীক্ষার্থীরাও বিপাকে পড়েছে। বিদ্যুতের এই আসা-যাওয়ায় অতিষ্ঠ হয়ে শনিবার বিকেল ৩টার দিকে দেবজ্যোতি মোবাইল ফোনে পাইকগাছা জোনাল অফিসের ডিজিএম রঞ্জন কুমার সরকারকে গালিগালাজসহ অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেন।

বিষয়টি তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে জানানো হলে রাত ৯টার দিকে পৌর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে রোববার (২৬ এপ্রিল) সকালে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ায় এবং ভবিষ্যতে এমন কাজ না করার শর্তে মুচলেকা দিয়ে তিনি ছাড়া পান।

বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে পাইকগাছা জোনাল অফিসের ডিজিএম রঞ্জন কুমার সরকার বলেন, “অত্র এলাকায় ২৪ ঘণ্টায় ১৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের চাহিদা থাকলেও আমরা বরাদ্দ পাচ্ছি মাত্র ৩ মেগাওয়াট। ফলে ৬ ঘণ্টা পরপর ১ মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ করতে হচ্ছে। চাহিদার তুলনায় প্রাপ্তি অত্যন্ত কম হওয়ায় লোডশেডিং নিয়ন্ত্রণ করা আমাদের সাধ্যের বাইরে।” তিনি আরও জানান, হুমকির ঘটনায় পল্লী বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, অভিযোগের ভিত্তিতে দেবজ্যোতিকে আটক করা হয়েছিল। তবে সে তার অপরাধ স্বীকার করে লিখিত মুচলেকা দেওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...