Logo Logo

ধানের ন্যায্যমূল্য ও সিন্ডিকেট ভাঙার দাবিতে কলাপাড়ায় কৃষকদের বিক্ষোভ


Splash Image

ধানের ন্যায্য ও লাভজনক মূল্য নিশ্চিত করা, বাজার সিন্ডিকেট নির্মূল এবং কৃষকের অধিকার প্রতিষ্ঠার দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার এলাকায় বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জিএম মাহবুবের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে স্থানীয় সাধারণ কৃষকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সমাবেশে সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন (নয়ন), নীলগঞ্জ ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুল হক গাজী ও সদস্য আলতাফ গাজীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমান বাজার ব্যবস্থায় কৃষকরা এক কেজি ধান উৎপাদনে প্রায় ৩০ থেকে ৩২ টাকা ব্যয় করছেন। অথচ দালাল ও মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের দৌরাত্ম্যে সেই ধান মাত্র ১৬ থেকে ১৮ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। ফলে হাড়ভাঙা খাটুনি দিয়ে ফসল ফলিয়েও কৃষকরা চরমভাবে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।

তেল সংকট ও ধান কাটার খরচ নিয়ে উদ্বেগ প্রকাশ করে কৃষক নেতারা জানান, হারভেস্টার মালিকরা তেলের সংকটের অজুহাতে অতিরিক্ত অর্থ আদায় করছে। এক কানি জমির ধান কাটতে এখন কৃষকদের ১৬ থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত ব্যয় করতে হচ্ছে, যা গত বছরের তুলনায় প্রায় ৬ হাজার টাকা বেশি। উৎপাদন খরচের এই লাগামহীন ঊর্ধ্বগতি কৃষকদের ওপর অসহনীয় আর্থিক চাপ সৃষ্টি করেছে।

সমাবেশ থেকে সরকারের প্রতি বেশ কিছু দাবি পেশ করেন কৃষক নেতারা। তারা বলেন, কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয় নিশ্চিত করতে হবে এবং অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিতে হবে। এ ছাড়াও ইউনিয়ন পর্যায়ে সরকারি ধান ক্রয়কেন্দ্র চালু করার জোর দাবি জানানো হয়। বক্তারা খাল ও স্লুইসগেটের ইজারা ব্যবস্থা বাতিল করে জলাবদ্ধতা নিরসন ও সেচ ব্যবস্থার সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা–কুয়াকাটা মহাসড়কের পাখিমারা বাজারের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...