Logo Logo

সুবর্ণচরে মাদরাসা ছাত্রীর আত্মহত্যা, বজ্রপাতে মৃত্যুর প্রচার চালিয়ে ধামাচাপার চেষ্টা


Splash Image

নোয়াখালীর সুবর্ণচরে তানজিনা আক্তার (১৭) নামে এক মাদরাসা ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি ধামাচাপা দিতে পরিবারের পক্ষ থেকে বজ্রপাতে মৃত্যু হয়েছে বলে প্রচার করা হয়।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার চর আমানউল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তানজিনা আক্তার ওই গ্রামের বাসিন্দা শেখ মোজাম সেন্টুর মেয়ে। তিনি স্থানীয় চরবাটা ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতের কোনো এক সময়ে তানজিনা নিজ বসতঘরের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা প্রতিবেশী, জনপ্রতিনিধি ও পুলিশকে জানান যে, তানজিনা ঘুম থেকে উঠে পুকুরঘাটে যাওয়ার সময় বজ্রপাতে মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করলে বজ্রপাতে মৃত্যুর কোনো আলামত পায়নি। পরবর্তীতে অধিকতর তদন্তে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ।

সুবর্ণচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে বজ্রপাতে মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করে এর কোনো সত্যতা পাওয়া যায়নি। মূলত ময়নাতদন্ত ছাড়াই দাফন সম্পন্ন করার উদ্দেশ্যে তারা ভুল তথ্য প্রচার করেছিল।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...