Logo Logo

মার্কিনিদের অবরোধ আর সহ্য করা হবে না, জবাব দেওয়ার হুমকি ইরানের


Splash Image

যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ-অবরোধের সময়সীমা বৃদ্ধি করা হলে ইরান তার দাঁতভাঙা জবাব দেবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সুপ্রিম লিডার মোজতবা খামেনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আইআরআইবি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুমকি প্রদান করেন।


বিজ্ঞাপন


সাক্ষাৎকারে মোহসেন রেজাই বলেন, “অবরোধ যদি অব্যাহত থাকে, তবে ইরান তার যথাযথ জবাব দেবে। এই ধরনের অবরোধ এখন পর্যন্ত কিছুই অর্জন করতে পারেনি এবং তারা এটি কার্যকর করতেও সক্ষম হয়নি। ভারত মহাসাগর অত্যন্ত বিস্তৃত একটি এলাকা এবং আমরা সহজেই এটি পার হতে পারব। আমরা ইতিমধ্যে তা করেও দেখিয়েছি।”

ইরানি এই শীর্ষ সামরিক কর্মকর্তার এমন মন্তব্য তখন এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নৌ-অবরোধের মেয়াদ আরও বাড়ানোর পরিকল্পনা করছেন।

সুপ্রিম লিডার মোজতবা খামেনির শারীরিক অবস্থা ও অন্তর্ধান নিয়ে চলা গুঞ্জনের বিষয়েও কথা বলেন মোহসেন রেজাই। তিনি সাধারণ ইরানিদের উদ্দেশ্যে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে দাবি করেন, নতুন সুপ্রিম লিডার সম্পূর্ণ সুস্থ আছেন। রেজাই বলেন, “সুপ্রিম লিডার তরুণ, স্বাস্থ্যবান এবং তেজোময়। তিনি নিবিড়ভাবে দেশের সবকিছু পর্যবেক্ষণ করছেন।”

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মোজতবা খামেনিকে নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করা হয়। তবে গত ছয় সপ্তাহ ধরে তাঁকে জনসমক্ষে দেখা না যাওয়ায় তাঁর অবস্থা নিয়ে বিশ্বজুড়ে নানা জল্পনা ছড়িয়ে পড়ে।

এর আগে গত সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান যে, গোয়েন্দা তথ্য অনুযায়ী মোজতবা খামেনি বর্তমানে জীবিত ও সুস্থ আছেন। মোহসেন রেজাইয়ের আজকের বক্তব্য মার্কো রুবিওর সেই তথ্যেরই প্রতিধ্বনি হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আইআরআইবি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...