বিজ্ঞাপন
শনিবার (৯ মে) সকালে ছাত্রদলের নেতাকর্মীরা মাঝবাড়ি বিলে গিয়ে ওই কৃষকের এক বিঘা জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।
জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি গ্রামের সাকাত দাড়িয়ার ছেলে কাবুল দাড়িয়ার বসতঘর অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়। একদিকে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হওয়া, অন্যদিকে মাঠের পাকা ধান ঘরে তোলা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েন এই কৃষক। খবর পেয়ে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা অসহায় এই কৃষকের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
ধান কাটার এই কার্যক্রমে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক অলিয়ার রহমান হাওলাদার ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ। এছাড়াও বিএনপি নেতা সাইদুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক তপু দাড়িয়ার নেতৃত্বে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা শ্রম দিয়ে কৃষকের ধান ঘরে তুলে দিতে সহায়তা করেন।
সহযোগিতা পেয়ে আবেগাপ্লুত কৃষক কাবুল দাড়িয়া বলেন, "আগুনে ঘর পুড়ে আমি যখন দিশেহারা, তখন জমির পাকা ধান নিয়ে কী করব ভেবে পাচ্ছিলাম না। এই বিপদে ছাত্রদলের ভাইয়েরা আমার ধান কেটে ঘরে পৌঁছে দিয়ে যে উপকার করেছেন, তা আমি ভুলব না।"
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ জানান, বর্তমানে বোরো মৌসুম চলায় ধান কাটার শ্রমিকের সংকট রয়েছে। তিনি বলেন, "অসহায় কৃষক কাবুলের ঘরবাড়ি পুড়ে যাওয়ার খবর শুনে আমরা ছাত্রদল কর্মীরা তার পাশে এসে দাঁড়িয়েছি। আমাদের এই কর্মসূচি চলমান থাকবে; উপজেলার যেকোনো অসহায় পরিবার শ্রমিক সংকটে ধান কাটতে না পারলে উপজেলা ছাত্রদল স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তাদের ধান কেটে ঘরে তুলে দেবে।"
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...