Logo Logo

চট্টগ্রাম জেলা রোভার স্কাউটসের ইউনিট পরিদর্শন কার্যক্রম শুরু


Splash Image

চট্টগ্রাম জেলা রোভার স্কাউটসের কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকর করার লক্ষ্যে জেলার অধীনস্থ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ পরিদর্শন কার্যক্রম শুরু হয়েছে। জেলা রোভার স্কাউটসের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ইউনিটগুলোর বাস্তব অবস্থা যাচাই এবং সাংগঠনিক সক্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউনিটগুলোর নিয়মিত কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা ও নথিপত্র সংরক্ষণের মান পর্যবেক্ষণের জন্য একাধিক পরিদর্শক টিম গঠন করা হয়েছে। পরিদর্শনের সময় নিয়মিত ক্রু মিটিং, প্রশিক্ষণে রোভার সদস্যদের অংশগ্রহণ এবং প্রশাসনিক স্বচ্ছতা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী পৃথক ব্যাংক হিসাব পরিচালনা এবং আর্থিক লেনদেনের যথাযথ রেকর্ড সংরক্ষণ করা হচ্ছে কি না, তাও পর্যবেক্ষণ করছেন পরিদর্শক দলের সদস্যরা।

গত ৫ মে কুয়াইশ শেখ মোহাম্মদ বুড়িশ্চর সিটি করপোরেশন কলেজ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), চুয়েট স্কুল অ্যান্ড কলেজ এবং ইমাম গাজ্জালী ডিগ্রি কলেজে সফলভাবে পরিদর্শন কার্যক্রম সম্পন্ন হয়।

এরই ধারাবাহিকতায় গতকাল ১১ মে (সোমবার) সকাল থেকে বিকেল পর্যন্ত পর্যায়ক্রমে কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ, মেরিন একাডেমি কলেজ, শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ এবং আনোয়ারা সরকারি কলেজ রোভার স্কাউটস গ্রুপের কার্যক্রম পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গ্রুপ সম্পাদক ও ইউনিট লিডারদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিনিধি দলের সদস্যরা। তারা ইউনিটগুলোর ভবিষ্যৎ পরিকল্পনা ও বিদ্যমান সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন।

আগামী ১৪ মে রাঙ্গুনিয়া সরকারি কলেজ, রাঙ্গুনিয়া মহিলা কলেজ, সৈয়দা সেলিমা কাদের কলেজ ও নোয়াপাড়া ডিগ্রি কলেজে পরিদর্শনের তারিখ নির্ধারিত রয়েছে। জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।

জেলা রোভার স্কাউটস নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই নিয়মিত তদারকির ফলে ইউনিটগুলোর মধ্যে জবাবদিহিতা নিশ্চিত হবে এবং নেতৃত্বের বিকাশ ঘটবে। যুব সমাজকে সুশিক্ষিত ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য অর্জনে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...