Logo Logo

৯ বছরের যন্ত্রণা ও অস্টিওমাইলাইটিসের লড়াই: চিকিৎসার অনিশ্চয়তায় ওমর ফারুক


Splash Image

দীর্ঘ ৯ বছর ধরে অসহনীয় শারীরিক যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন নীলফামারীর ওমর ফারুক। পুরাতন হাড়ের সংক্রমণ বা ক্রনিক অস্টিওমাইলাইটিস থেকে মুক্তি পেতে ইলিজারফ পদ্ধতিতে চিকিৎসা নেওয়ার ৬ মাস পেরিয়ে গেলেও এখনো তাঁর ঘা শুকায়নি।


বিজ্ঞাপন


একদিকে রোগের তীব্রতা, অন্যদিকে অর্থের অভাব এবং সরকারি হাসপাতালে চিকিৎসা প্রাপ্তির অনিশ্চয়তা—সব মিলিয়ে চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছেন তিনি। সুস্থ জীবনে ফেরার আকুতি নিয়ে সমাজের বিত্তবান, মানবিক সংগঠন ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সহযোগিতা কামনা করছেন ওমর ফারুক।

ওমর ফারুক নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের বাসিন্দা। জীবিকা নির্বাহের মাধ্যম মূলত মাইকিং ও রেকর্ডিংয়ের সামান্য কাজ।

নিজের সামান্য আয়ে চিকিৎসার ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়ায় বিভিন্ন সামাজিক সংগঠন ও সমাজের সহৃদয় ব্যক্তিদের সহায়তায় এতদিন কোনোমতে চিকিৎসা চালিয়ে এসেছেন তিনি। উন্নত চিকিৎসার আশায় ছুটে গেছেন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে।

কিন্তু সেখানে গিয়েও দুশ্চিন্তা ও অনিশ্চয়তা কাটেনি বলে জানান ওমর ফারুক। তাঁর ভাষ্যমতে, সরকারি হাসপাতালে দায়িত্বরত অবস্থায় এক চিকিৎসক রিপোর্ট দেখে ওষুধ লিখে দেওয়ার পর জানতে চান, তিনি সেখানে অপারেশন করাতে ইচ্ছুক কি না।

আর্থিক অসচ্ছলতার কথা জানিয়ে সেখানেই অপারেশনের ব্যবস্থা করার অনুরোধ করলে তাঁকে হাসপাতালে থাকতে বলা হয় এবং জানানো হয় অপারেশনের তারিখ দেওয়া হবে। পরবর্তীতে প্রায় দুই ঘণ্টা প্রেসক্রিপশন জমা রেখে ফেরত দিয়ে বলা হয়, ছয় মাসের মধ্যে ফোন গেলে ভালো, নচেৎ নিজে থেকেই যোগাযোগ করতে হবে।

এমন দীর্ঘ অপেক্ষার নির্দেশে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে ওমর ফারুক প্রশ্ন তোলেন, একজন অসহায় ও যন্ত্রণাকাতর রোগী কীভাবে ছয় মাস অনিশ্চয়তার মধ্যে অপেক্ষা করবেন। তাঁর শারীরিক কষ্ট, জরুরি চিকিৎসার প্রয়োজন এবং বেঁচে থাকার আকুতির কি কোনো মূল্য নেই বলেও প্রশ্ন রাখেন তিনি।

শুধু অপেক্ষার দীর্ঘসূত্রতাই নয়, পূর্ববর্তী চিকিৎসা নিয়ে ভিন্ন মতামত তাঁকে আরও বিভ্রান্ত ও মানসিকভাবে ভেঙে দিয়েছে। তিনি জানান, আগে যিনি তাঁর অপারেশন করেছিলেন, পরবর্তী এক চিকিৎসক সেই চিকিৎসা নিয়েই প্রশ্ন তুলেছেন।

এতে আগের চিকিৎসায় কোনো ত্রুটি ছিল কি না, বর্তমান অবস্থার প্রকৃত কারণ কী কিংবা পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত কতটা সঠিক—এসব প্রশ্নের স্পষ্ট উত্তর না পেয়ে দিশেহারা বোধ করছেন তিনি।

কারও বিরুদ্ধে অভিযোগ বা কোনো চিকিৎসককে অসম্মান করার অভিপ্রায় নেই জানিয়ে ওমর ফারুক বলেন, তিনি শুধু চান তাঁর চিকিৎসার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হোক। সঠিক রোগ নির্ণয়, প্রয়োজনীয় চিকিৎসা এবং অপারেশনের বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত দেওয়া হোক।

টাকা না থাকলে কি একজন মানুষের চিকিৎসা পাওয়ার অধিকারও সীমিত হয়ে যায়—এমন প্রশ্নও তোলেন তিনি। বেঁচে থাকার ও স্বাভাবিক জীবনে ফেরার প্রবল ইচ্ছা ব্যক্ত করেছেন এই ভুক্তভোগী।

ঢাকা পঙ্গু হাসপাতালসহ দেশের বিশেষায়িত হাসপাতালগুলোর অভিজ্ঞ চিকিৎসক, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি ও মানবিক মানুষদের কাছে সঠিক চিকিৎসা-দিকনির্দেশনা চেয়েছেন তিনি। পাশাপাশি আর্থিক সহায়তার জন্য তাঁর বিকাশ ও নগদ ০১৭৯৪-৮০৩৯৪৩ নম্বরে সহযোগিতা পাঠানোর আবেদন জানিয়েছেন ওমর ফারুক।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...