বিজ্ঞাপন
সকাল থেকে রাত পর্যন্ত চলছে কেবল অবিরাম স্ক্রলিং। শিশু থেকে বৃদ্ধ—প্রায় সবাই অজান্তেই যেন সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মীতে পরিণত হচ্ছেন।
ঘণ্টার পর ঘণ্টা অন্যের কনটেন্ট দেখা, লাইক, শেয়ার ও কমেন্ট করার বিনিময়ে আমাদের সময়, মনোযোগ ও মানসিক শক্তি ব্যয় হচ্ছে অন্যের প্ল্যাটফর্ম ও ব্যবসার পেছনে। এতে লাভবান হচ্ছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, বিজ্ঞাপনদাতা, কনটেন্ট নির্মাতা ও অনলাইন ব্যবসায়ীরা।
নিজেদের সময় দিয়ে অন্যের আয়ের পথ তৈরি করলেও নিজের জীবনে এর বিনিময়ে কী যোগ হচ্ছে—সে প্রশ্নই সামনে আসছে। অতিরিক্ত স্ক্রলিংয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা-বাণিজ্য, মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে পড়াশোনা।
সম্প্রতি হাঁটতে বেরিয়ে দেখা গেছে, অনেক ফুটপাত ব্যবসায়ী ও সাধারণ মানুষ চারপাশ ভুলে মোবাইলের স্ক্রিনে ডুবে আছেন। পাশ দিয়ে কেউ গেলেও বা কেউ কিছু নিয়ে গেলেও যেন কারও কিছু যায় আসে না, কারণ চোখ আটকে আছে স্ক্রলিংয়ের চক্রে।
এমন আরও অনেক দৃশ্য ক্যামেরাবন্দি থাকলেও বিভিন্ন সামাজিক ও ব্যক্তিগত কারণে সব ছবি প্রকাশ করা হয়নি। তবে বাস্তব চিত্রটি স্পষ্ট হয়ে উঠেছে।
প্রযুক্তি নিজে খারাপ নয়, বরং এর ভুল ও অতিরিক্ত ব্যবহারই সমস্যার মূল কারণ। শিক্ষা, যোগাযোগ, ব্যবসা, চাকরি ও তথ্যপ্রাপ্তিতে স্মার্টফোনের অসাধারণ ভূমিকা রয়েছে।
কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, আমরা কি প্রযুক্তিকে ব্যবহার করছি, নাকি প্রযুক্তিই আমাদের ব্যবহার করছে। পড়াশোনার গুরুত্বপূর্ণ সময় রিলস, শর্ট ভিডিও বা ফেসবুক স্ক্রলিংয়ে ব্যয় করলে শুধু পরীক্ষার ফলাফলই নয়, মনোযোগ, চিন্তাশক্তি, সময় ব্যবস্থাপনা ও ভবিষ্যৎও ক্ষতিগ্রস্ত হয়।
সাম্প্রতিক পরীক্ষার ফলাফল এবং শিক্ষার্থীদের সাক্ষাৎকারেও মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত আসক্তির নেতিবাচক প্রভাব উঠে এসেছে। আবার পরিবারের কঠোর হস্তক্ষেপে আসক্তি কমিয়ে পড়াশোনায় মনোযোগ ফেরানো এবং ভালো ফলাফল করার উদাহরণও রয়েছে।
বিজ্ঞান আমাদের হাতে শক্তিশালী হাতিয়ার তুলে দিয়েছে, কিন্তু তার সঠিক ব্যবহারের সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে। রান্নাঘরের ছুরি যেমন প্রয়োজনীয় আবার অসতর্কতায় বিপজ্জনক, তেমনি স্মার্টফোনও পরিমিত ব্যবহারে আশীর্বাদ এবং অনিয়ন্ত্রিত ব্যবহারে বোঝা হয়ে উঠতে পারে।
শিশু ও তরুণদের অতিরিক্ত স্ক্রিন টাইম, অনলাইন আসক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশে নীতিমালা, বিধিনিষেধ ও সচেতনতামূলক উদ্যোগ নেওয়া হচ্ছে।
আমাদের দেশেও প্রযুক্তির সহজলভ্যতার পাশাপাশি নিরাপদ, দায়িত্বশীল ও সচেতন ব্যবহার নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবা প্রয়োজন। বিশেষ করে শিশু-কিশোরদের সুরক্ষায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব রয়েছে।
প্রতিদিনের মাত্র কয়েক মিনিটের স্ক্রলিং জমতে জমতে দিনে কয়েক ঘণ্টায় পরিণত হয়। এভাবেই হারিয়ে যায় শৈশব, পড়াশোনা, পারিবারিক সময়, প্রকৃতির সান্নিধ্য, আত্মচিন্তা ও জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ সময়।
তাই নিজেকে প্রশ্ন করার সময় এসেছে—ফোন কি আমাদের ব্যবহার করছে, নাকি আমরা ফোন ব্যবহার করছি। স্ক্রিন থেকে চোখ সরিয়ে চারপাশে তাকানো, পরিবারের সঙ্গে কথা বলা, হাঁটা, বই পড়া, প্রকৃতি দেখা ও ভবিষ্যৎ নিয়ে ভাবা জরুরি।
জীবন যেহেতু স্ক্রিনের ভেতরে নয়, বরং স্ক্রিনের বাইরেই—তাই স্ক্রলিং কমিয়ে বাস্তব জীবন ও মূল কাজে মনোযোগ দেওয়াই সময়ের দাবি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...