Logo Logo

শিবচর উপজেলা প্রশাসনের সম্মাননা পেলেন ৪ তরুন আলোকচিত্রী


Splash Image

মাদারীপুর জেলার শিবচর উপজেলা-এর ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও উন্নয়নচিত্রকে দেশ-বিদেশে তুলে ধরার লক্ষ্যে আয়োজিত ‘শিবচর ব্র্যান্ডিং ফটো কনটেস্ট’-এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (১৩ মে) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী স্থানীয় আলোকচিত্রীরা শিবচরের বিভিন্ন দর্শনীয় স্থান, গ্রামীণ জীবনধারা, অবকাঠামোগত উন্নয়ন, সংস্কৃতি ও সম্ভাবনাকে নিজেদের ক্যামেরায় ধারণ করেন। এসব কাজ থেকে বিচারকদের রায়ে চারজন আলোকচিত্রীকে চূড়ান্ত বিজয়ী হিসেবে নির্বাচন করা হয়।

বিজয়ীরা হলেন— এস এম দেলোয়ার হোসেন (ইতিহাস ও ঐতিহ্য), সজিব মিয়া (কৃষ্টি ও কালচার), শরফুদ্দিন আহমেদ সৌরভ (দর্শনীয় অবকাঠামো) এবং মো. সজিব খান (প্রাকৃতিক সৌন্দর্য)।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান বলেন, শিবচর আজ উন্নয়নের এক রোল মডেল। এই জনপদের সৌন্দর্য ও সম্ভাবনাকে সৃজনশীল ফটোগ্রাফির মাধ্যমে বিশ্বদরবারে তুলে ধরার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তরুণ আলোকচিত্রীদের এ ধরনের অংশগ্রহণ শিবচরকে একটি স্বতন্ত্র ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়ক হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আইটি অফিসার মো. সজীব। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।

বিজয়ীরা তাদের প্রতিক্রিয়ায় জানান, নিজ এলাকার সৌন্দর্য ও সম্ভাবনাকে উপস্থাপনের এমন সুযোগ তাদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

স্থানীয় প্রশাসনের মতে, এ ধরনের উদ্যোগ শুধু শিবচরের পর্যটন ও ঐতিহ্যকে তুলে ধরবে না, বরং তরুণদের সৃজনশীলতা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...