Logo Logo

অ‌বৈধ কর্মকা‌ন্ডে জ‌ড়িত থাকার অভিযোগ

শিবচরে জামায়াত নেতার ঘর-বাড়ি গুঁড়িয়ে দিয়েছে এলাকাবাসী


Splash Image

মাদারীপুরের শিবচর উপজেলার নিলখী ইউনিয়নে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি পাওয়া জামায়াতে ইসলামী নেতা তাইজুল ইসলামের বসতঘর গুঁড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।


বিজ্ঞাপন


রোববার (১ নভেম্বর) সকালে উপজেলার নিলখী ইউনিয়নের পশ্চিম চরকামারকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

এ সময় কয়েকশ নারী-পুরুষ একত্রিত হয়ে তার বসতঘরটি ভেঙে ফেলেন এবং বিভিন্ন ফেস্টুন ও ব্যানার হাতে তার কঠোর শাস্তির দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত তাইজুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় কবিরাজি চিকিৎসা করে আসছেন। পাশাপাশি তিনি জামায়াতে ইসলামীর ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল হিসেবে যুক্ত ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ওই ইউনিয়নে দলটির প্রচার-প্রচারণার মূল দায়িত্বে ছিলেন তিনি। স্থানীয়রা তাকে নিলখী ইউনিয়ন জামায়াতের সভাপতি (আমির) হিসেবে চিনতেন। সম্প্রতি তাকে কেন্দ্র করে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, এহেন অনৈতিক কর্মকাণ্ডের ফলে পুরো গ্রামের সামাজিক সম্মান চরমভাবে ক্ষুণ্ন হয়েছে।

ভিডিওটি ভাইরাল হওয়ার ঠিক এক সপ্তাহ পর রোববার সকালে শত শত নারী-পুরুষ সংঘবদ্ধ হয়ে তাইজুল ইসলামের বসতঘরে চড়াও হন এবং তা ভেঙে মাটিতে মিশিয়ে দেন। তবে এই আকস্মিক হামলায় ঘরবাড়ি ও আসবাবপত্রের ঠিক কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

এর আগে গত ২৭ বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবচর উপজেলা শাখা থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়। ওই বিজ্ঞপ্তিতে তাইজুল ইসলামকে নিলখী ইউনিয়ন শাখার যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এতে উল্লেখ করা হয়, তাঁর বিরুদ্ধে নৈতিকতাবিরোধী কর্মকাণ্ড সংক্রান্ত গুরুতর অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সাংগঠনিক বিধান অনুযায়ী পরবর্তী চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও প্রসঙ্গে এর আগে তাইজুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে দাবি করেছিলেন, উক্ত ভিডিওতে যে নারীর সাথে তাকে দেখা গেছে, তিনি তার নিজের স্ত্রী।

ঘটনার বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, “সকালে অভিযুক্ত তাইজুল ইসলামের শাস্তির দাবিতে স্থানীয় এলাকাবাসী একটি মানববন্ধন কর্মসূচি পালন করে বলে আমরা জানতে পেরেছি। পরবর্তীতে কিছু লোক আকস্মিকভাবে তার বাড়িঘরে ভাঙচুর চালায়। সংবাদ পাওয়া মাত্রই পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...