Logo Logo

নড়াইলে নিজ জন্মমাটি থেকে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক এমপি বাচ্চুর


Splash Image

নড়াইল-২ আসনের প্রত্যন্ত অঞ্চল থেকে মাদক ও সন্ত্রাস চিরতরে নির্মূল করার প্রত্যয় নিয়ে এক ব্যতিক্রমী সামাজিক উদ্যোগের সূচনা হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (১৬ মে) বেলা সাড়ে ১১টায় নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়ন পরিষদ চত্বরে ‘সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠন’-এর লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নিজের জন্মমাটি ও নিজ ইউনিয়ন হবখালী থেকেই এই মহৎ অভিযানের শুভ সূচনা করলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু। পর্যায়ক্রমে তাঁর নির্বাচনী এলাকার সকল ইউনিয়নে এ ধরনের প্রতিরোধমূলক সামাজিক উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

হবখালী কলেজের অধ্যক্ষ বুলবুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আতাউর রহমান বাচ্চু দল-মতের ঊর্ধ্বে উঠে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার আহ্বান জানিয়ে বলেন, মাদকের ব্যাপারে আমরা সবাই এক। এখানে কে কোন রাজনৈতিক আদর্শের বা দলের—সেটা দেখার কোনো বিষয় নয়। মাদক আজ আমাদের একেবারে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে এক ভয়াবহ রূপ ধারণ করেছে। একটি সুন্দর সমাজ আর একটি সাজানো পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য কেবল মাদকই যথেষ্ট।

কেবল পুলিশ প্রশাসন দিয়ে মাদক দূর করা সম্ভব নয় উল্লেখ করে তিনি আরও বলেন, মাদক শুধু পুলিশ দিয়ে নির্মূল করা সম্ভব না, এর জন্য জোরালো সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে যদি আমরা একযোগে কাজ করি, কেবল তাহলেই সমাজ থেকে মাদককে চিরতরে দূর করা সম্ভব।

সভাপতির বক্তব্যে হবখালী কলেজের অধ্যক্ষ বুলবুল আহমেদ বলেন, তরুণ প্রজন্মকে বাঁচাতে হলে শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারকে সবার আগে এগিয়ে আসতে হবে। এমপি মহোদয়ের এই ইতিবাচক উদ্যোগকে সফল করতে হবখালীবাসী যেকোনো ত্যাগ স্বীকার করে হলেও মাদক ও সন্ত্রাসীদের রুখে দাঁড়াবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন, বিএনপি নেতা রিয়াজুল ইসলাম টিংকু, হবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান, সাবেক চেয়ারম্যান বাদশা মোল্যাসহ স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরা।

মতবিনিময় সভা শেষে উপস্থিত সকলে হাত তুলে নিজ নিজ এলাকাকে সন্ত্রাস ও মাদকমুক্ত রাখার দৃঢ় শপথ গ্রহণ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...