বিজ্ঞাপন
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মেলায় সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি নানা ধরনের শিক্ষণীয় ও তথ্যমূলক কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মেলা উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে সচেতনতামূলক কার্যক্রম, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, সেমিনার এবং সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।
আজ সোমবার (১৮ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মেলার সার্বিক প্রস্তুতি ও বিস্তারিত সময়সূচি তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রূলী বিশ্বাস। গোপালগঞ্জ জেলা প্রশাসন এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের স্বচ্ছতা হলরুমে বড় পর্দায় মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে দেশব্যাপী মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি প্রদর্শন করা হবে। এর পরপরই জেলা পর্যায়ের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং এনডিসি/আরডিসি। উদ্বোধনের পর সকাল ১০টা ৩০ মিনিটে গোপালগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হবে এবং সকাল ১১টায় একই স্থানে মেলা উপলক্ষে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মেলার দ্বিতীয় দিন অর্থাৎ ২০ মে সকাল ১০টায় সদর উপজেলা ভূমি অফিস চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তরুণ প্রজন্মের মাঝে ভূমি সেবা ও অধিকার সংক্রান্ত সচেতনতা বাড়াতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
মেলার শেষ দিন আগামী ২১ মে সকাল ১০টায় জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের পুরাতন ক্যাম্পাসে ভূমি বিষয়ক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে। পরবর্তীতে সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের স্বচ্ছতা হলরুমে মেলার সমাপনী ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটবে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত ভূমি সেবা প্রাপ্তি আরও সহজ করা, সরকারের আধুনিক ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের দোরগোড়ায় হয়রানিহীন ভূমিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলাকালীন নাগরিকরা ডিজিটাল সেবার বিভিন্ন দিক সম্পর্কে সরাসরি তথ্য ও পরামর্শ গ্রহণ করতে পারবেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...