Logo Logo

ঝালকাঠিতে যৌথ অভিযানে ১০০০ কেজি সরকারি গম উদ্ধার


Splash Image

ঝালকাঠিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) জেলা কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে এক যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি গ্যারেজ থেকে প্রায় ১ হাজার কেজি (১ টন) সরকারি গম উদ্ধার করা হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৯ মে) দুপুরে জেলার নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নে এনএসআই, উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভৈরবপাশা এলাকার ছোট প্রেমহার গ্রামের বাসিন্দা আব্দুল খালেকের গ্যারেজে সরকারি গম অবৈধভাবে মজুত রয়েছে—এমন একটি সুনির্দিষ্ট তথ্য পায় জেলা এনএসআই। এই তথ্যের ভিত্তিতে দুপুরে উপজেলা প্রশাসন ও স্থানীয় থানা পুলিশের একটি যৌথ দল ওই গ্যারেজে আকস্মিক অভিযান চালায়। এ সময় গ্যারেজের ভেতর তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ২২ বস্তা সরকারি গম জব্দ করা হয়। উদ্ধারকৃত প্রতিটি বস্তায় ৫০ কেজি করে সরকারি গম ছিল।

অভিযানের বিষয়ে নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) করুন কুমার বিশ্বাস জানান, বাজার সংলগ্ন একটি গ্যারেজে সরকারি গম অবৈধভাবে মজুত থাকার সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে এনএসআই এবং খাদ্য অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে গমগুলো আইনি প্রক্রিয়ায় জব্দ করা হয়।

তিনি আরও জানান, খাদ্য অধিদপ্তরের সিলমোহরযুক্ত এই সরকারি গমগুলো কীভাবে ও কী উদ্দেশ্যে সাধারণ একটি গ্যারেজে নিয়ে এসে মজুত করা হয়েছিল এবং এই অবৈধ চক্রের সাথে কারা জড়িত, তা নিখুঁতভাবে তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে অপরাধে জড়িত সংশ্লিষ্টদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...