বিজ্ঞাপন
সোমবার (২৫ মে) সকাল ১১টায় বরগুনার পাথরঘাটা কে এম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে একদল স্বেচ্ছায় রক্তদাতা ও তরুণ স্বেচ্ছাসেবকদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির কার্যক্রম উদ্বোধন করা হয়।
প্রযুক্তিনির্ভর এই উদ্যোগটি শুধু একটি অ্যাপ নয়, বরং মানুষের পাশে দাঁড়ানোর এক মানবিক প্ল্যাটফর্ম হিসেবে ইতোমধ্যেই সবার দৃষ্টি কাড়ছে।
অ্যাপটির প্রচারণায় ব্যবহার করা হয়েছে— “একটি রিপোর্ট বদলে দিতে পারে একটি জীবন” শীর্ষক স্লোগান। আয়োজকদের ভাষ্য, সমাজে মানবিক সহযোগিতা ও সচেতনতার সংস্কৃতি গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা তাদের আশপাশে কোনো ব্যক্তি হারিয়ে গেলে তাৎক্ষণিকভাবে তথ্য প্রকাশ করতে পারবেন। পাশাপাশি কোনো নিখোঁজ ব্যক্তির সন্ধান পেতেও সহায়তা করবে এই প্ল্যাটফর্ম। পরিবারের হারিয়ে যাওয়া প্রিয় মানুষকে খুঁজে পাওয়ার আশায় এটি হতে পারে একটি নির্ভরতার নাম।
এছাড়াও জরুরি মুহূর্তে সহায়তা চাওয়া এবং প্রয়োজনীয় রক্তদাতা খুঁজে পাওয়ার সুবিধাও থাকছে অ্যাপটিতে। বিশেষ করে দুর্ঘটনা, প্রসূতি মা, অসুস্থ রোগী কিংবা সংকটাপন্ন মানুষের জন্য দ্রুত রক্তের ব্যবস্থা করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অ্যাপটির উদ্যোক্তা সৌদি আরব প্রবাসী মোহাম্মদ আরজু বলেন, “এটা শুধু প্রযুক্তিনির্ভর একটি অ্যাপ নয়, এটি মানুষের জন্য মানুষের পাশে দাঁড়ানোর একটি প্রয়াস। আমরা চাই, কোনো মানুষ যেন অসহায় অবস্থায় একা না থাকে। সামাজিক সচেতনতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সহমর্মী সমাজ গড়ে তুলতেই এই উদ্যোগ।”
তিনি আরও বলেন, “একজন রক্তদাতার কয়েক মিনিট সময় হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি জীবন। আবার একটি তথ্য ফিরিয়ে দিতে পারে হারিয়ে যাওয়া কোনো সন্তানকে তার মায়ের বুকে। সেই মানবিক দায়বদ্ধতা থেকেই ‘Talash’-এর যাত্রা।”
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় স্বেচ্ছাসেবক মারজুক রাসেল বলেন, “অনেক সময় জরুরি রক্তের জন্য রোগীর স্বজনদের অসহায়ের মতো ছুটতে দেখা যায়। এই অ্যাপটি দ্রুত রক্তদাতা খুঁজে পেতে বড় ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”
পাথরঘাটা পৌর এলাকার বাসিন্দা মো. মাইনুল ইসলাম সোহেল বলেন, “বর্তমান সময়ে মানুষ হারিয়ে যাওয়ার ঘটনায় পরিবারগুলো চরম মানসিক যন্ত্রণার মধ্যে পড়ে। ‘Talash’ অ্যাপটি সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী ও সময়োপযোগী একটি উদ্যোগ।”
স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘সোনার বাংলা ব্লাড ফাউন্ডেশন’-এর সদস্য মিঠুন মিত্র বলেন, “রক্তের অভাবে যেন আর কোনো রোগীর জীবন ঝুঁকিতে না পড়ে, সেই স্বপ্ন নিয়েই আমরা কাজ করছি। ‘Talash’ অ্যাপ চালুর ফলে এখন আরও দ্রুত রক্তদাতা খুঁজে পাওয়া সম্ভব হবে। পাশাপাশি হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে বের করতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...