Logo Logo

সুবর্ণচরে ভিজিএফের চাল চাওয়ায় নারীকে জুতাপেটার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে


Splash Image

নোয়াখালীর সুবর্ণচরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ কার্ডের চাল চাওয়া এবং জনপ্রতিনিধিদের আচরণ নিয়ে মন্তব্য করাকে কেন্দ্র করে কহিনুর বেগম (৩৭) নামে এক নারীকে জুতাপেটা করার অভিযোগ উঠেছে স্থানীয় এক সংরক্ষিত নারী ইউপি সদস্যের বিরুদ্ধে।


বিজ্ঞাপন


রোববার (২৪ মে) দুপুর ২টার দিকে উপজেলার চরজুবলি ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি কম্পিউটার দোকানের সামনে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

অভিযুক্ত নাছিমা বেগম চরজুবলি ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য। অন্যদিকে ভুক্তভোগী কহিনুর বেগম একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জয়নাল সর্দার বাড়ির জয়নাল আবেদীনের মেয়ে।

ভুক্তভোগী কহিনুর বেগম অভিযোগ করে বলেন, তাঁর স্বামী বর্তমানে ক্যান্সারে আক্রান্ত এবং কিছুদিন আগেই তাঁর এক মেয়ে দীর্ঘ অসুস্থতার পর মারা গেছেন। আসন্ন ঈদ উপলক্ষে দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণের খবর পেয়ে তিনি স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মনজুরুল আলমের কাছে একটি কার্ডের জন্য আবেদন করেন। মনজুরুল মেম্বার তাকে ইউনিয়ন পরিষদে অপেক্ষা করতে বলে নিজের বাড়িতে চলে যান।

পরবর্তীতে কহিনুর বেগম ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি কম্পিউটার দোকানের সামনে গিয়ে ক্ষোভ প্রকাশ করে বলছিলেন, মনজুরুল মেম্বার তাঁকে একটি চালের স্লিপ দেননি। ভোট আসলে তারা বাড়ি গিয়ে খালা-মা বলে ডাকেন, কিন্তু দরকারে পাশে থাকেন না। তাই ভবিষ্যতে তাঁদের আর ভোট দেবেন না। এই সময় নারী ইউপি সদস্য নাছিমা বেগম ওই দোকানের পেছনে বসা ছিলেন, যা কহিনুর খেয়াল করেননি। নিজের এলাকা নিয়ে এমন মন্তব্য শুনে নাছিমা বেগম অত্যন্ত ক্ষিপ্ত হয়ে পেছনের দিক থেকে বের হয়ে আসেন এবং কহিনুর বেগমকে জুতা দিয়ে মারধর করেন।

তবে জুতাপেটা করার এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ইউপি সদস্য নাছিমা বেগম। তাঁর দাবি, ওই নারী মূলত সেখানে এসে খারাপ আচরণ করছিলেন। একপর্যায়ে তিনি বোরকা ধরে টানাটানি করলে নাছিমা তাকে হাত দিয়ে সরিয়ে দেন মাত্র। জুতাপেটার কোনো ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি তাঁর ব্যক্তিগত সততা ও সুনামের বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানান।

এই বিষয়ে চরজুবলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল জানান, অভিযোগকারী নারী তাঁর ইউনিয়নের নিয়মিত বাসিন্দা নন এবং তিনি তাঁকে চেনেন না। চাল বিতরণের সময় ওই নারী এসে অনাকাঙ্ক্ষিতভাবে গালিগালাজ করেন। পরবর্তীতে বাজারে কী ধরনের গোলযোগ হয়েছে, তা তিনি লোকমুখে শুনেছেন।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান বলেন, ঘটনাটি সম্পর্কে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তবে ওই নারীর পূর্ণাঙ্গ পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাঁর সঠিক পরিচয় শনাক্ত করার পর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...